আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Mamata Banerjee : ‘আমাকে ছেড়ে রাখলে বিপদ আছে’ — দল ভাঙার খেলা নিয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ছাব্বিশের ভোটে ভরাডুবির পর দলীয় ভাঙন রুখতে কড়া অবস্থান নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির সন্দীপন সাহাকে বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিয়ো বার্তায় দল ভাঙার চক্রান্ত নিয়ে সরব হলেন তিনি। নাম না করে বেসুরো নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘যাঁরা দল ভাঙার খেলা খেলছেন তাঁদের বলছি, আমিও বড় খেলোয়াড়। ওয়েট করুন।’

ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগে মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসার কথা জানিয়েছিলেন মমতা। পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ তুলে সোমবার কালীঘাটের বাড়ি থেকে ভিডিয়ো বার্তা দেন তিনি। সেখানেই উঠে আসে দলীয় কোন্দলের প্রসঙ্গ। দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কারের পর মমতা বলেন, ‘বিজেপির কথায় অনেকেই দল ছাড়ছেন। দল ভাঙার খেলা খেলছেন। কিন্তু তাঁদের বলে দিচ্ছি, আমিও বড় খেলোয়াড়। আপনাদের ওয়েট করতে হবে।’

ছাব্বিশের নির্বাচনে হারের পর একাধিক তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করেছেন। মমতার ডাকা বৈঠকে গরহাজির থেকেছেন অনেক বিধায়কও। তাঁদের অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে মমতার কটাক্ষ, ‘যাঁরা বিজেপির সঙ্গে যাবেন বলে মনস্থির করে ফেলেছেন, তাঁরা বলবেন না, আমরা কর্মীদের দেখিনি। আমি রোজ অফিসে বসি। অভিষেকও বসত। এখন অসুস্থ বলে বসতে পারছে না।’

হকার উচ্ছেদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়েও বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেত্রী। বলেন, ‘হেলমেট না থাকলে স্পট ডেথ হয়ে যেত। এখন বিজেপির সভাপতি বলছেন, বেঁচে তো আছে। আপনাদের তো আমরা দুধে-ভাতে রেখেছিলাম।’

ধর্না নিয়ে পুলিশি বাধার অভিযোগ তুলে মমতা বলেন, ‘আপনারা ১টা থেকে আসুন। ধর্না হবে। যেখানে আটকাবে সেখানে বসে পড়ব। আমরা পথে নামার লোক। এ ভাবে দমিয়ে রাখতে পারবে না।’ বাংলায় আন্দোলন করতে না দিলে দিল্লিতে বিক্ষোভের হুঁশিয়ারিও দেন। তাঁর কথায়, ‘আমাকে ছেড়ে রাখলে বিপদ আছে। কারণ আমি মাথা নত করি না।’

রিগিং তত্ত্ব ফের সামনে এনে মমতা বলেন, ‘আমি হারিনি। আমাকে হারানো হয়েছে। তৃণমূলকে হারানো হয়েছে। বিজেপি ১৭৭টা সিটে রিগিং করেছে।’ পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। অভিযোগ করেন, ‘আমাদের নেতাদের মারছে আর পুলিশ দাঁড়িয়ে দেখছে।’ কলকাতা হাইকোর্ট ঘরছাড়াদের ফেরানোর নির্দেশ দিলেও পুলিশ মানছে না বলেও দাবি তাঁর।

দলীয় ভাঙন, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা নেতাদের নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে মঙ্গলবার ধর্নায় বসার ডাক দিয়ে জানালেন, ‘এ ভাবে তৃণমূলকে ভাঙতে পারবে না। আমরা আরও শক্তিশালী হব।’ দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন, হারের পরেও রাস্তার লড়াই ছাড়ছেন না তৃণমূল নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *