আজকের দিনেগ্রীন রুম

বিতর্কের মাঝেই সদগুরুর শরণে, রণবীর সিং

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বই: ক্যারিয়ারের মন্দা কাটিয়ে সবেমাত্র দাপুটে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তার মাঝেই বড়সড় আইনি ও পেশাগত বিপাকে পড়তে হলো বলিউড সুপারস্টার রণবীর সিংকে। ‘ডন ৩’ ছবিকে ঘিরে তৈরি হওয়া জটিলতা এখন বলিপাড়ার অন্যতম চর্চিত বিষয়। অগ্রিম পারিশ্রমিক নিয়েও শুটিং শুরুর ঠিক আগে আচমকা, ছবি থেকে রণবীর সরে দাঁড়ানোয় তীব্র ক্ষুব্ধ পরিচালক-প্রযোজক ফারহান আখতার ও প্রযোজনা মহল।

বিষয়টি এতটাই গুরুতর আকার নিয়েছে যে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর তরফে ইতিমধ্যেই অভিনেতার বিরুদ্ধে একটি ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করা হয়েছে। এর অর্থ হলো, ভবিষ্যতে রণবীরের কোনো প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার আশঙ্কা প্রবল।

বিতর্কের আবহে আধ্যাত্মিক অন্বেষণ

বলিউডে এভাবে ‘কোণঠাসা’ হওয়া এবং পেশাগত চরম চাপের মাঝেই মানসিক শান্তির খোঁজে আধ্যাত্মিক গুরু সদগুরুর শরণাপন্ন হয়েছেন রণবীর সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে এই আধ্যাত্মিক গুরুর মুখোমুখি হয়ে জীবনের কঠিন সময়ে জীবনবোধের পাঠ নিতে দেখা গেল তাঁকে। সম্প্রতি সদগুরুর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই কথোপকথনের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা মুহূর্তে নেটমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

সদগুরুর কাছে রণবীরের প্রশ্ন ও জীবনের পাঠ

ভিডিওটিতে দেখা যায়, রণবীর সিং বেশ আবেগপ্রবণ হয়ে সদগুরুর কাছে প্রশ্ন রাখছেন, “জীবনের আসল উদ্দেশ্য কী?”

রণবীরের এই প্রশ্নের জবাবে সদগুরু জীবনের এক গভীর ব্যাখ্যা দেন। তিনি বলেন, “আপনি যখন প্রশ্ন করছেন জীবনের উদ্দেশ্য কী, তখন মূলত আপনি জানতে চাইছেন— জীবনের লাভ কিংবা উপযোগিতা কী? আসলে এর কোনো উপযোগিতা নেই। এমনকী আপনার জন্ম না হলেও সবকিছু ঠিকঠাকই চলত, যেমন চলছে। জীবন এমন এক অনন্য ঘটনা বা ‘ফেনোমেনন’, যা সব অর্থহীন যৌক্তিক হিসেব-নিকেশের ঊর্ধ্বে। আসল কথা হলো, জীবন আপনার মেধার গণ্ডি পেরিয়েও বিশাল এক বিষয়।” সদগুরুর এই গভীর জীবনবোধের কথা শুনে রণবীরের মুখে এক মৃদু ও স্মিত হাসি ধরা পড়ে।

অনুরাগীদের উদ্বেগ ও জল্পনা

ভিডিওটি সামনে আসার পর থেকেই রণবীর সিংয়ের অনুরাগীদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। একাংশের অনুমান, ক্যারিয়ারের এই কঠিন বিপর্যয় ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়ার কারণেই অভিনেতা নিজের মতো করে উত্তর খুঁজছেন। অন্য অংশ আবার এই সংকটের সময়ে পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত রণবীরকে ধৈর্য ও সংযম ধরে রাখার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে, একদিকে বয়কটের খাঁড়া আর অন্যদিকে আধ্যাত্মিকতার খোঁজ— ‘ধুরন্ধর’ তারকা রণবীর সিংয়ের এই বৈপরীত্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *