Rajarhat Incident: রাজারহাটে বোমা কাণ্ড: ভাড়া ঘরে বিস্ফোরণ, আটক ১
কিউ ইন্ডিয়া বাংলা, রাজারহাট :- ভাড়া বাড়িতেই চলছিল বোমা মজুতের কাজ। বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। সাদা ব্যাগ রেখে বেরনোর মিনিট পাঁচেকের মধ্যেই বিকট শব্দে উড়ে গেল ঘরের দেওয়াল-দরজা। ঘটনায় জখম ১, আটক ১।
স্থানীয় সূত্রের খবর,গতকাল রাতে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকার সুপারি বাগানে একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২-৩ দিন আগে এক দালের মাধ্যমে ২ জন ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। মালিককে তাঁরা জানান শুধু রাতে থাকবেন।
গতকাল রাতে এক ব্যক্তি সাদা ব্যাগ হাতে ঘরে ঢোকেন। ব্যাগ রেখে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই ঘটে বিস্ফোরণ। ঘটনার মুহূর্ত সিসিটিভিতে ধরা পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় দুটি ঘর, ভেঙে পড়ে দেওয়াল ও দরজা।
পাশের ঘরে থাকা এক ব্যক্তি গুরুতর জখম হন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশিতে ঘর থেকে উদ্ধার হয় প্রচুর সুতলি বোমা।
পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকেই ওই ঘরে বোমা মজুত করা ছিল। সাদা ব্যাগেও বোমা আনা হয়ে থাকতে পারে। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। অন্য অভিযুক্তের খোঁজ চলছে।
বিস্ফোরণের পর থেকে আতঙ্কে বাড়ির অন্যান্য ভাড়াটেরা। এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ।
ভাড়া নিয়ে কী উদ্দেশ্যে বোমা মজুত হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা চলছে। ঘটনাকে ঘিরে রাজারহাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
