আজকের দিনেবাংলার আয়না

Rail-Police-Shop : বিজয়গঞ্জ বাজারে পুলিশ-রেলের যৌথ অভিযান, বেআইনি দোকান ও রেলের জমির দখল উচ্ছেদ শুরু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার বিজয়গঞ্জ বাজার এলাকায় বেআইনি দখলদারদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। পুলিশ ও রেলের যৌথ উদ্যোগে রাস্তার ধারের অস্থায়ী দোকান ও রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ কাঠামো উচ্ছেদের কাজ শুরু হয়েছে।

সন্ধ্যার পর থেকেই বিজয়গঞ্জ বাজার সংলগ্ন এলাকায় নামে মন্দিরবাজার থানার পুলিশ। থানার আইসি কৌশিক নাগের নেতৃত্বে শুরু হয় সচেতনতামূলক প্রচার ও কড়া বার্তা। রাস্তার দু’ধারে বসা অস্থায়ী দোকানদারদের মাইকিং করে সাফ জানিয়ে দেওয়া হয়, আগামী শনিবারের মধ্যে সমস্ত বেআইনি দোকান সরিয়ে ফেলতে হবে। নির্দেশ অমান্য করলে পরবর্তী অভিযানে সরাসরি গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বাজারের মূল রাস্তা দখল করে এই অস্থায়ী দোকানগুলি চলছিল। এর জেরে যানজট, পথচারীদের চলাচলে সমস্যা এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের এই অভিযানের পাশাপাশি সকাল থেকেই আলাদা করে কাজ শুরু করেছে রেল দপ্তর। রেলের নির্দেশে বিজয়গঞ্জ এলাকায় রেলের জমি দখল করে গড়ে ওঠা একাধিক ছাউনি, দোকান ও কাঠামো ভাঙা শুরু হয়। বহু বছর ধরে রেলের জায়গায় অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। এদিন বুলডোজার দিয়ে সেই সব কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। একসঙ্গে পুলিশ ও রেলের এই জোড়া অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বহু ব্যবসায়ীকে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখা এবং রেলের উন্নয়নমূলক কাজের জন্য জায়গা ফাঁকা করাই এই অভিযানের মূল লক্ষ্য।

প্রশাসনের এই কড়া পদক্ষেপে এলাকার একাংশ স্বস্তি প্রকাশ করলেও, উচ্ছেদ হওয়া ছোট ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও অনিশ্চয়তা। তাঁদের পুনর্বাসনের দাবি তুলেছেন অনেকে। পুলিশ জানিয়েছে, শনিবারের সময়সীমার পর ফের অভিযান চালানো হবে। তখন দোকান বা কাঠামো পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা ও রেলের জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি চলবে বলেও জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *