আজকের দিনেবাংলার আয়না

বীজপুরে কোমরে দড়ি বেঁধে তৃণমূল নেতা বনিকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর’ স্লোগান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – তোলাবাজি ও বেআইনি অস্ত্র মামলায় ধৃত তৃণমূল যুব নেতাকে কোমরে দড়ি, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। বৃহস্পতিবার বীজপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই দৃশ্য দেখতে ভিড় জমান স্থানীয়রা। ওঠে ‘চোর চোর’ স্লোগানও।

ধৃতের নাম অভিজিৎ রায় ওরফে বনি। বীজপুরের তৃণমূল যুব নেতা হিসেবেই এলাকায় পরিচিত। মন্দারমণি থেকে তোলাবাজি ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে কয়েকদিন আগেই তাঁকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ। ব্যারাকপুর আদালতের নির্দেশে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বনি।পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থেই তাঁকে কাঁচরাপাড়ার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার রেলপুলিশের কোয়ার্টার ও নবীন পল্লি এলাকায় নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ৩ নম্বর ওয়ার্ডে ঘোরানো হয় তাঁকে।স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সাল থেকেই এলাকায় বনির দাপট ছিল। রেল পুলিশের কোয়ার্টার দখল করে আস্তানা বানিয়েছিলেন। কে কোয়ার্টারে থাকবেন, কে ঘর পাবেন সবই তাঁর নির্দেশে চলত। সেখানে অসামাজিক কাজকর্ম ও বেআইনি বিদ্যুৎ সংযোগে এসি-ফ্রিজ চালানোর অভিযোগও রয়েছে।লোকসভা ভোটের সময় বিজেপি নেতা তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের সঙ্গে বনির বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে অর্জুনকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।এদিন কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর সময় ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একাংশের বক্তব্য, বনির দাপটে দীর্ঘদিন আতঙ্কে ছিলেন এলাকাবাসী। পুলিশের পদক্ষেপে স্বস্তি পেয়েছেন অনেকে।তবে বনির দাবি, “যারা চুরি করেছে, তারা পালিয়ে গিয়েছে। আমি চুরি করিনি বলেই এখনও এখানে আছি।”

এর আগে হাওড়া ও মহেশতলাতেও ধৃত তৃণমূল নেতাদের একইভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘুরিয়েছে পুলিশ। বীজপুরের ঘটনায় ফের সামনে এল শাসকদলের নেতাদের বিরুদ্ধে দাপট ও তোলাবাজির অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *