রাজ্যের প্রথম মহিলা মুখ্য নির্বাচনী আধিকারিক নিলাম মিনা
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে গুরুত্বপূর্ণ রদবদল। ১৯৯৮ সালের ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক নিলাম মিনাকে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনিই রাজ্যের ইতিহাসে প্রথম মহিলা মুখ্য নির্বাচনী আধিকারিক।
খুব শীঘ্রই নতুন দায়িত্বভার গ্রহণ করবেন নিলাম মিনা। তিনি বিদায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব পালন করছেন।
নবনিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক নিলাম মিনা এই পদে আসার আগে রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনিক কাজে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই আধিকারিক এর আগে শিল্প, স্বাস্থ্য এবং নারী ও শিশু কল্যাণ দফতর সহ রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন।
মনোজ আগরওয়াল তাঁর কার্যকালে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি এখন মুখ্য সচিব হিসেবে রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্বে রয়েছেন।
আসন্ন নন্দীগ্রাম, রেজিনগর বিধানসভা উপনির্বাচন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সহ ২০২৭ সালের পৌরসভা নির্বাচনের আগে নিলাম মিনার এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে রাজ্যে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব এখন নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিলাম মিনার কাঁধে।
