আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ওয়াংখেড়েতে রাজস্থান-ঝড়! মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করল রাজস্থান রয়্যালস। জয় ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না রাজস্থানের সামনে। ৩০ রানের ব্যবধানে ম্যাচ জিতে কাজের কাজটা করল রিয়ান পরাগের দল। চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা। বাজে ভাবেই আইপিএল অভিযান শেষ করল মুম্বাই। আর রাজস্থানের এই জয়ের ফলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বাই ইন্ডিয়ানস। বিগত ম্যাচগুলোতে রাজস্থানের ওপেনিং জুটি দারুণ ছন্দে থাকলেও আজ শুরুটা ভালো হয়নি। বৈভব সূর্যবংশী মাত্র ৪ রানেই ফিরে যান, আর যশস্বী জয়সওয়াল ১৭ বলে ২৭ রানের ইনিংস খেলে আউট হন। মিডল অর্ডারে ধ্রুব জুরেল একাই কিছুটা হাল ধরেন, ২৬ বলে ৩৮ রান আসে তাঁর ব্যাট থেকে। তবে অধিনায়ক রিয়ান পরাগ ১৪ রানের বেশি এগোতে পারেননি। শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা ১৫ বলে ২৯ রানের দ্রুত ক্যামিও খেললেও রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। ডোনোভান ফেরেরা করেন ১৮ রান।

এরপরই ম্যাচের মোড় ঘোরে রাজস্থান টিম ম্যানেজমেন্টের এক চমকপ্রদ সিদ্ধান্তে। জোফ্রা আর্চারকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়, আর সেই বাজি কাজে লেগে যায়। আর্চারের ব্যাট থেকে আসে ১৫ বলে বিধ্বংসী ৩২ রানের ইনিংস। শেষদিকে রবীন্দ্র জাদেজা ১১ বলে ১৯ আর নান্দ্রে বার্গার ৩ বলে ১০ রানের ছোট্ট ঝড় তোলেন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রানের লড়াকু স্কোর খাড়া করে রাজস্থান রয়্যালস।

মুম্বাইয়ের হয়ে বল হাতে সফল দীপক চাহার ও শার্দুল ঠাকুর, দুজনেই পান ২টি করে উইকেট। একটি করে উইকেট যায় উইল জ্যাকস, আল্লাহ গজানফর এবং করবিন বশের ঝুলিতে।

২০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মুম্বাই ইন্ডিয়ানস। ওপেনার রোহিত শর্মা খাতা খোলার আগেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। অপর ওপেনার রায়ান রিকেলটন ৭ বলে ১২ রানের বেশি করতে পারেননি। তিন নম্বরে নামা নমন ধীরও মাত্র ৬ রান করে আউট হন। এরপর মুম্বাইয়ের ইনিংসের হাল ধরেন সূর্যকুমার যাদব। তাঁকে সঙ্গ দিতে আসা তিলক বর্মা অবশ্য ৩ রানের বেশি এগোতে পারেননি। পাঁচে নামা উইল জ্যাকস কিছুটা প্রতি-আক্রমণ করেন। ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া নেমে ১৫ বলে ৩৪ রানের দ্রুত ক্যামিও খেলেন, তবে দলকে জয়ের রাস্তায় রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৬০ রান করে আউট হয়ে যান সূর্যকুমার যাদব। তাঁর উইকেট পড়তেই মুম্বাইয়ের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রানেই থেমে যায় মুম্বাই ইন্ডিয়ানস।

রাজস্থান রয়্যালস এই ম্যাচে ৩০ রানে জয়ী হয়। মুম্বাইয়ের এই হারের ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *