IPL-Cricket : মরণবাঁচন লড়াইয়ে ওয়াংখেড়েতে মুম্বাইয়ের মুখোমুখি রাজস্থান রয়্যালস !
কিউ ইন্ডিয়া বাংলা:-ওয়াংখেড়েতে মরণবাঁচন ম্যাচে আজ নামছে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে হারাতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে মুম্বাইয়ের কাছে ম্যাচটি নিয়মরক্ষার। শেষ ম্যাচটা জিতে সম্মানের সঙ্গে আইপিএল শেষ করতে মরিয়া হার্দিকের দল।
মুম্বাই ইন্ডিয়ানসের কাছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজকের ম্যাচটি নিছকই সম্মানরক্ষার। গোটা সিজনে হতশ্রী পারফরম্যান্সের পর শেষ ম্যাচটা জিতে সম্মানের সঙ্গে আইপিএল শেষ করতে মরিয়া হার্দিক পান্ডিয়ার দল। ব্যাটিং বিভাগে শেষ ম্যাচে রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদবের থেকে বড় ইনিংসের প্রত্যাশায় মুম্বাই সমর্থকরা। গোটা মরসুমে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। আজকের ম্যাচে তাঁর দিকেও নজর থাকবে সকলের।
বোলিং বিভাগেও ছবিটা একই। দলের প্রধান বোলার জসপ্রিত বুমরা এবারের আইপিএলে সেভাবে সফল হতে পারেননি। একাধিক ম্যাচে উইকেটশূন্য থেকেছেন তিনি। শেষ ম্যাচে তাঁর কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স চাইছেন সমর্থকরা। এছাড়া দীপক চাহার বা শার্দুল ঠাকুরের কাছ থেকেও ভালো বোলিংয়ের প্রত্যাশা করছে মুম্বাই শিবির। পয়েন্ট টেবিলে কোনও আশা না থাকলেও ঘরের মাঠে জয় দিয়েই মরসুম শেষ করতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
রাজস্থান রয়্যালসের কাছে আজকের ম্যাচটা ডু অর ডাই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওয়াংখেড়েতে বড় রান তুলতেই হবে রিয়ান পরাগের দলকে।
নজর থাকবে দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালের দিকে। এই মরসুমে এই দুই ব্যাটারই একাধিক ম্যাচে রাজস্থানকে জিতিয়েছেন। মিডল অর্ডারে উইকেটরক্ষক ধ্রুব জুরেলও কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করেছেন। আজও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। অধিনায়ক রিয়ান পরাগকে এবার দায়িত্ব নিতেই হবে। এই মরসুমে মাত্র একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তিনি ব্যর্থ। তাঁর ফর্মে ফেরা রাজস্থানের জন্য জরুরি। এছাড়া ডোনোভান ফেরিরার দিকেও নজর থাকবে।
বোলিং বিভাগে দলের প্রধান অস্ত্র জোফরা আর্চার। তাঁর পাশাপাশি অ্যাডাম মিলনে, রবি বিষ্ণোই এবং তুষার দেশপাণ্ডের বোলিংও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মুম্বাইয়ের ব্যাটাররা যেকোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাই শুরু থেকেই সতর্ক থাকতে হবে রাজস্থানের বোলারদের।
রাজস্থানের কাছে এটা টিকে থাকার লড়াই। হারলে বিদায় নয়, তবে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকে। পাশাপাশি নেট রান রেটও বড় ফ্যাক্টর হবে। মুম্বাইয়ের লক্ষ্য শুধুই সম্মানরক্ষা। সব মিলিয়ে একদিকে রাজস্থানের টিকে থাকার তাগিদ, অন্যদিকে মুম্বাইয়ের সম্মানের লড়াই—জমজমাট হতে চলেছে ওয়াংখেড়ে।
