High Court : বেআইনি নির্মাণ ভাঙবেই, স্পষ্ট জানাল কলকাতা হাই কোর্ট !
কিউ ইন্ডিয়া বাংলা:- অবৈধ জমিতে তৈরি ফ্ল্যাট কিনেছেন? আইনি সুরক্ষা পাবেন না। রবিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চে বসে এমনই কড়া রায় দিল কলকাতা হাই কোর্ট। আদালত সাফ জানিয়েছে, বেআইনি নির্মাণ ভাঙা হবেই। ক্রেতা অতিরিক্ত আইনি অধিকার দাবি করতে পারবেন না।
হাওড়া পুরসভার একটি বেআইনি নির্মাণ মামলার শুনানিতে রবিবার বিশেষ বেঞ্চে বসেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র। ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলে, “অবৈধ নির্মাণে ফ্ল্যাট কিনলে ক্রেতা অতিরিক্ত আইনি সুরক্ষা পাবেন না। ফ্ল্যাট বিক্রেতার চেয়ে তাঁর আইনি অধিকার বেশি হতে পারে না।”
মামলার সূত্রপাত হাওড়া পুরসভার একটি চারতলা ভবনকে কেন্দ্র করে। ওই ভবনটি পুরসভার অনুমোদিত নকশা মেনে তৈরি হয়েছে কি না, তা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ বাধে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালত পুরসভাকে তদন্তের নির্দেশ দেয়।
তদন্তে উঠে আসে, পুরো বাড়িটি নির্মাণে পুরসভার নিয়ম মানা হয়নি। তিনতলা পর্যন্ত নির্মাণের অনুমোদন থাকলেও চারতলা অর্থাৎ অতিরিক্ত একতলা বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। এরপরই আদালত জানায়, অবৈধ অংশ ভাঙতেই হবে।
কলকাতা হাই কোর্টের এই রায়ে স্পষ্ট বার্তা গেল ফ্ল্যাট ক্রেতাদের কাছে। শুধু কম দামে ফ্ল্যাট পাচ্ছেন বলে বেআইনি নির্মাণ কিনলে চলবে না। কাগজপত্র ও পুরসভার অনুমোদন ভালো করে দেখে তবেই ফ্ল্যাট কিনতে হবে। না হলে ভবিষ্যতে ফ্ল্যাট ভাঙা পড়লে আইনের দরজায় গিয়েও সুরাহা মিলবে না।
