আজকের দিনেবাংলার আয়না

Muriganga Bridge : জোরকদমে চলছে মুড়িগঙ্গা সেতুর কাজ, গঙ্গাসাগর যাতায়াতে ফিরবে গতি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , নিজস্ব প্রতিনিধি:- গঙ্গাসাগর আর কাকদ্বীপকে জুড়তে মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত সেতুর কাজ এখন জোরকদমে চলছে। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই সেতু। কাজ শেষ হলে ভেসেলের উপর নির্ভরতা কমবে। গঙ্গাসাগর যাত্রা হবে আরও দ্রুত ও নিরাপদ।

নতুন সেতুটি গঙ্গাসাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপের ৮ নম্বর ঘাটকে যুক্ত করবে। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। এখন মুড়িগঙ্গা পার হতে ভেসেলই ভরসা। জোয়ার ভাটার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সেতু চালু হলে সেই দুর্ভোগ মিটবে।

ইতিমধ্যেই নদীর বুকে পিলার তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ১৪টি থাম নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীর তলদেশে লোহার গোলাকার খাঁচা বসানো শেষ। এবার রড, স্টোনচিপ, বালি ও সিমেন্টের মিশ্রণে কংক্রিট ঢালাই হবে।

প্রকল্পে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও বড় বড় ক্রেন। সরঞ্জাম রাখতে কাকদ্বীপে চারটি অস্থায়ী গুদামঘর তৈরি হয়েছে। নদীর তীর পর্যন্ত একটি অস্থায়ী রাস্তাও বানানো হয়েছে। সেই পথে ড্যাম্পার ও অন্যান্য গাড়ি চলাচল করছে। দিন রাত কাজ করছেন সংস্থার কর্মীরা।

তবে জমি নিয়ে কিছু সমস্যা আছে। প্রশাসন ও জনপ্রতিনিধিরা আশাবাদী, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে। কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, “সেতুর কাজ শুরু হয়ে গিয়েছে। জমি নিয়ে কিছু সমস্যা আছে, যা খুব শীঘ্রই মিটিয়ে ফেলা হবে। আশা করছি আগামী চার বছরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে।”

মুড়িগঙ্গা সেতু চালু হলে শুধু তীর্থযাত্রীরাই নয়, উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারাও। গঙ্গাসাগর যাতায়াত সহজ হবে, সময় বাঁচবে, ভোগান্তি কমবে। দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগ ব্যবস্থায় এই সেতু নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *