আজকের দিনেবাংলার আয়না

চন্দননগর বাসীদের জন্য সুখবর, সপ্তাহে একদিন বিনামূল্যে রোগী দেখবেন চিকিৎসকরা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: চন্দননগর হাসপাতালের বেহাল পরিষেবায় জেরবার গরিব মানুষদের জন্য বড় স্বস্তি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই স্থানীয় বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহর উদ্যোগে শুরু হচ্ছে অভিনব স্বাস্থ্য পরিষেবা। আগামী সপ্তাহ থেকেই শহরের নামকরা চিকিৎসকরা সপ্তাহে একদিন সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখবেন।

চন্দননগর হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, বাইরে রঙের প্রলেপ পড়ে হাসপাতাল ঝাঁ চকচকে হলেও ভিতরে চিকিৎসা পরিষেবার কোনও উন্নতি হয়নি। আবার বেসরকারি ক্লিনিকে চড়া ভিজিটের কারণে বহু গরিব মানুষ চিকিৎসা করাতে পারেন না। এই অবস্থায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই উদ্যোগী হয়েছেন এলাকার বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ। শুক্রবার শহরের একাধিক চিকিৎসকের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে চিকিৎসকরা জানান, দল ও রংয়ের ঊর্ধ্বে উঠে চন্দননগরের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে তাঁরা বিধায়কের পাশে আছেন। ঠিক হয়েছে, চিকিৎসকরা নিজেদের চেম্বারেই সপ্তাহে একদিন কয়েক ঘণ্টা করে সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখবেন। কারা এই পরিষেবা দেবেন এবং কীভাবে মিলবে, তা দ্রুত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক। চিকিৎসকদের দাবি, এটা প্রাথমিক পদক্ষেপ। ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঘোষণা করা হবে। বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, “চিকিৎসকদের এই মহৎ উদ্যোগ চন্দননগরের স্বাস্থ্য ব্যবস্থা ও সমাজের নৈতিক উন্নতি ঘটাবে। সমাজের প্রতি তাঁদের এই দায়বদ্ধতাকে কুর্ণিশ জানাই।”

সরকারি হাসপাতালের অব্যবস্থা এবং বেসরকারি ক্লিনিকের খরচের চাপে যে সব গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন, বিজেপি বিধায়কের এই উদ্যোগ তাঁদের কাছে বড় ভরসা হয়ে উঠবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য পরিষেবায় এই পদক্ষেপ চন্দননগরে নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *