Golden Hat-trick : সোনার হ্যাটট্রিক, কমনওয়েলথ গেমসে নজির গড়লেন মীরাবাঈ চানু !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ডোপিং বিতর্কের মাঝে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাঈ চানু। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে টানা তৃতীয়বার সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের সোনার মেয়ে। পদক জিতে পোডিয়ামে জাতীয় সঙ্গীতের সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
রবিবার ভারোত্তোলন ইভেন্টের শুরুতেই রুপো জেতেন ঋষিকান্ত সিং। তারপর নজর ছিল মীরাবাঈর দিকে।
শুরু থেকেই অন্যদের থেকে এগিয়ে ছিলেন তিনি। স্ন্যাচে ৮২ কেজি দিয়ে শুরু করে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বারে সফল হন। তৃতীয় চেষ্টায় ৮৫ কেজি তুলে নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েন।
ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় চেষ্টায় ১০৫ কেজি তোলেন। সব মিলিয়ে ১৯০ কেজি ওজন তুলে আরও একটি রেকর্ড নিজের নামে করেন মণিপুরের এই তারকা।
৪৮ কেজি বিভাগে রুপো জিতেছেন নাইজেরিয়ার রুথ আসুকো নিয়ং ১৬৮ কেজি, ব্রোঞ্জ পেয়েছেন মালয়েশিয়ার আইরিন জেন হেনরি ১৬৭ কেজি।
২০১৮ গোল্ড কোস্ট, ২০২২ বার্মিংহ্যামের পর গ্লাসগোতেও সোনা। ২০১৪ সালে প্রথম কমনওয়েলথে রুপো জিতেছিলেন। অর্থাৎ টানা চারবার এই প্রতিযোগিতায় ভারতকে পদক এনে দিলেন চানু। এই ইভেন্টে মোট ৪টি কমনওয়েলথ রেকর্ড ভাঙলেন ৩১ বছর বয়সি ভারোত্তোলক।
সমালোচনা আর ডোপিং বিতর্ককে পিছনে ফেলে মীরাবাঈ আবার প্রমাণ করলেন কেন তিনি ভারতীয় খেলার আইকন। টানা তিনবার কমনওয়েলথ সোনা আর জাতীয় সঙ্গীতের সময় তার চোখের জল – এই ছবিই বলে দেয় গ্লাসগোতে ভারতের শুরুটা কতটা গর্বের।
