Election-High Court : অধ্যাপকদের ভোটের কাজ করতেই হবে , কমিশনের নির্দেশ বহাল রাখল হাইকোর্ট !
কিউ ইন্ডিয়া বাংলা :- কলেজের অধ্যাপকদের দিয়ে ভোটের কাজ করানোর বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট । অন্তর্বর্তী নির্দেশ স্থগিত করে জানানো হলো ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের। আদালত জানিয়েছে প্রয়োজন পড়লে দেশের স্বার্থে দায়িত্ব পালন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য ।
কলেজের অধ্যাপকদের কেন প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হবে, সেই দিয়ে প্রশ্ন উঠছে শুরু থেকে । বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধ্যাপকদের একাংশ ।বিষয়টি নিয়ে প্রথমে সিঙ্গেল বেঞ্চে প্রশ্নের মুখে পড়েছিল কমিশন । কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বিচারপতিদেরও ভোটের ডিউটিতে যেতে হতে পারে কমিশন ঘন ঘন অবস্থান বদল করছে বলে মন্তব্য করেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও । এদিন সিঙ্গেল বেঞ্চের সেই রায়ে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ । আদালত বলে, “ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের। নির্বাচন স্তব্ধ করে দিতে চাইছেন আপনারা। কিন্তু আপনাদের সেই ক্ষমতা নেই। আপনারা একটা গন্ডগোল পাকাতে চাইছেন, যার অনুমতি দেবে না আদালত।” মামলাকারী অধ্য়াপকদের বিচারপতি শম্পা সরকার প্রশ্ন করেন, “দেশের স্বার্থে কাজ করবেন না? যখন প্রয়োজন হবে, দেশের সেবা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আপনারা কোন পদে কাজ করতে চান, সেটাই স্পষ্ট করে বলতে পারছেন না। আপনারা কি অবজার্ভার বা মাইক্রো অবজার্ভার পদে কাজ করতে চান? সেই পদে কাজ করার যোগ্যতামান কি আপনাদের আছে? অবজার্ভার বা মাইক্রো অবজার্ভার পদে কাজ করতে গেলে ভোটের অনেক আগে থেকে কাজ করতে হবে। সেক্ষেত্রে পঠন পাঠনে ব্যাঘাত ঘটতে পারে। এটা তো একদিনের ব্যাপার!”
আদালতে কমিশন জানায়, প্রিসাইডিং অফিসার হিসাবে অধ্যাপকদের কাজ করার নির্দেশিকা ২০ মার্চ পাঠানো হয়েছে। কাজে যোগ না দেওয়ায় শোকজ করা হয়েছিল, তার পরে ৮ এপ্রিল মামলা করা হয়েছে আদালতে। এতদিন মামলাকারীরা কী করছিলেন, প্রশ্ন তোলেন কমিশনের আইনজীবী। ভোটের সময় এই ধরনের মামলা করে ভোটকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করা হয় কমিশন এর পক্ষ থেকে।
