আজকের দিনেখেলাতিলোত্তমা

Durand Cup-Football : ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে কলকাতা ডার্বি জিতল মোহনবাগান, সাহালের একমাত্র গোলে হার ইস্টবেঙ্গলের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ১৩৫ তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচেই উত্তাপ ছড়াল কলকাতা ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। নতুন কোচ, অসম্পূর্ণ স্কোয়াড নিয়েও দুই দলই জয়ের জন্য মরিয়া ছিল। শেষ পর্যন্ত সাহাল আব্দুল সামাদের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেল সবুজ-মেরুন।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শুরু করে। প্রস্তুতির সময় কম থাকলেও লড়াইয়ের মেজাজ ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।

ম্যাচের ৫২ মিনিটে আসে জয়ের গোল। ইস্টবেঙ্গল বক্সের ঠিক বাইরে দুর্দান্ত প্রেস করে বল কেড়ে নেন কিয়ান নাসিরি। এরপর বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে ছয় গজের বক্সের সামনে ক্রস বাড়ান তিনি। মনবীর সিং ব্যাকহিলে ফ্লিক করার চেষ্টা করলেও বল স্পর্শ করতে পারেননি। সেই বল পিছনে ফাঁকায় থাকা সাহাল আব্দুল সামাদের কাছে পৌঁছে যায়। সামনে ফাঁকা গোল পেয়ে বল জড়াতে ভুল করেননি সাহাল।

গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগানের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় লাল-হলুদ। শেষ পর্যন্ত ১-০ গোলেই ম্যাচ শেষ হয়।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর সাইডলাইনের ধারে দেখা যায় উত্তপ্ত দৃশ্য। ইস্টবেঙ্গল কোচ অ্যান্টেনিও লোপেজ হাবাস এবং মোহনবাগানের নতুন কোচ প্যানাজিওটিস দিলাম পেরিসের মধ্যে বাক্য বিনিময় হয়।

দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলাম পেরিস। অন্যদিকে এই হারে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ অভিযান শেষ হচ্ছে না। গ্রুপ পর্বে এখনও সামনে সুযোগ রয়েছে তাদের। কলকাতা ডার্বি দিয়ে জমে উঠল এবারের ডুরান্ড কাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *