Cricket : তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং! ১২৫ রানে বিধ্বস্ত ভারত, টি-২০ ইতিহাসে সবচেয়ে বড় হার !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- নটিংহ্যামে লজ্জার রাত। ধোনির জন্মদিনে উপহার হিসেবে রইল শুধু হতাশা। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৬ রানেই গুটিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারল টিম ইন্ডিয়া। এটাই টি-২০ আন্তর্জাতিকে ভারতের সবচেয়ে বড় পরাজয়। আর এই হারেই সিরিজ জয়ের স্বপ্নও শেষ হল ভারতের।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল ভারত। বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন। কয়েকটি ছক্কাও আসে। কিন্তু তৃতীয় ওভারে টাঙের বলে বড় শট মারতে গিয়ে ১০ রানে আউট হন অভিষেক। তারপরই ধস।
পরের ওভারেই জোফ্রা আর্চারের আগুনে বাউন্সারে ১৩ রানে পুল করতে গিয়ে আউট বৈভব। ইনিংসের পঞ্চম ওভারে আর্চার একাই শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেলকে ফিরিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন। মাঝে টাঙের শিকার হন ঈশান কিষাণও।
এরপর আর কেউই দাঁড়াতে পারেননি। তিলক বর্মা, হর্ষিত রানা, শিবম দুবে সকলেই এক অঙ্কে আউট। আদিল রশিদও আঘাত হানেন। শেষমেশ বরুণ চক্রবর্তী বোল্ড হলে ৭৬ রানেই অল আউট ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান ঈশান ও বৈভবের ১৩ করে।
এর আগে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেটে ২০১ রান তোলে। ওপেনিংয়ে জস বাটলার ৩৬ ও ফিল সল্ট ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষে স্যাম কারানের অপরাজিত ৪১ রান ইংল্যান্ডকে ২০০ পার করায়। ভারতের হয়ে প্রিন্স যাদব ও হর্ষিত রানা ২টি করে উইকেট পান।
জবাবে আর্চার ৪ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। সঙ্গে টাঙ ও রশিদের স্পিনেও দিশেহারা ছিল টিম ইন্ডিয়া।
নটিংহ্যামের এই হার শুধু একটা ম্যাচের নয়। ব্যাটিং ব্যর্থতা, পরিকল্পনার অভাব আর চাপের মুখে ভেঙে পড়া – সব একসঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সিরিজ হাতছাড়া হওয়ার পাশাপাশি টি-২০ বিশ্বকাপের আগে ভারতের জন্য বড় ভাবনার জায়গা এই বিধ্বংসী পরাজয়। ইংল্যান্ড বুঝিয়ে দিল ঘরের মাঠে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে।
