আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

সিপিআইএম-আইএসএফ জোট চূড়ান্ত, আসন বণ্টনে জট বুধবার ফের বৈঠক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ‘শূন্য’ তকমা মুছতে মরিয়া সিপিএম। আর তাই আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আইএসএফের সঙ্গে জোট গড়েই ময়দানে নামতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট। মঙ্গলবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম–এর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন আইএসএফ নেতা তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে জোট চূড়ান্ত হলেও আসন বণ্টন নিয়ে এখনও দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলছে। বুধবার ফের বৈঠকে বসবেন নেতারা।

প্রসঙ্গত, ঘরে-বাইরে সমালোচনার মুখে হুমায়ুন কবীর ইস্যু এখন সিপিএমের কাছে কার্যত ‘ক্লোজড চ্যাপ্টার’। কংগ্রেসও স্পষ্ট করে দিয়েছে, সিপিএমের সঙ্গে তারা জোটে নেই। ফলে রাজনৈতিক সমীকরণে কিছুটা চাপে পড়েছেন সেলিমরা। এই পরিস্থিতিতে আইএসএফকেই ভরসা হিসেবে দেখছে বাম শিবির।

বৈঠক শেষে নওশাদ বলেন, “দু’ঘণ্টারও বেশি সময় আলোচনা হয়েছে। আগামীকাল আবার বসা হবে। কয়েকটি আসনে এখনও ঐকমত্য হয়নি। আলোচনা চলছে, চূড়ান্ত হলে জানানো হবে।”
তবে জোট রাজনীতিতে বড় চ্যালেঞ্জ শরিক দলগুলো। ২০২১ সালে বাম-আইএসএফ জোট হলেও কয়েকটি আসনে ফরওয়ার্ড ব্লক আলাদা প্রার্থী দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিশেষ করে দেগঙ্গা আসনে বামেদের তরফে আইএসএফকে ছাড় দেওয়া হলেও সেখানে ফরওয়ার্ড প্রার্থী দেওয়ায় প্রশ্ন উঠেছিল জোটের সমন্বয় নিয়ে। সেই অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই সতর্ক থাকতে চাইছেন নওশাদরা।
এদিকে সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লককে ১২-১৫টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও তারা প্রায় ৩০টি আসনের দাবি জানিয়েছে। এমনকি আইএসএফের সঙ্গে জোট নিয়েও আপত্তি তুলেছেন ফরওয়ার্ড নেতৃত্বের একাংশ।
সব মিলিয়ে, আইএসএফ-বাম জোট কোন চূড়ান্ত রূপ নেয় এবং আসন সমঝোতা কত দ্রুত মেটে, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *