আজকের দিনেবিশ্ব

আদালত অবমাননার দায়ে ৬ মাসের জেল বাইজুস প্রতিষ্ঠাতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি: ভারতের একসময়ের শীর্ষস্থানীয় এডুটেক স্টার্ট-আপ সংস্থা ‘বাইজুস’ -এর প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের  ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সিঙ্গাপুরের একটি আদালত। আদালত অবমাননার গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে এবং ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানাও করা হয়েছে।

কেন এই জেলের সাজা?

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বাইজু রবীন্দ্রনের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিঙ্গাপুর আদালতের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, আইনি নির্দেশ থাকা সত্ত্বেও সেই সমস্ত আদেশ দিনের পর দিন অমান্য করেছেন রবীন্দ্রন।

বিশেষ করে, ‘বিয়ারার ইনভেস্টকো’  সংস্থার বৈধ মালিকানা যে তাঁরই, তার স্বপক্ষে নির্দিষ্ট আইনি নথিপত্র দেখাতে ব্যর্থ হন তিনি। দীর্ঘ শুনানির পর আদালত অবমাননার দায়ে রবীন্দ্রনকে দোষী সাব্যস্ত করে এই কড়া শাস্তি দেওয়া হয়। তবে বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন নাকি অন্য কোনো দেশে, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে তাঁর বা সংস্থার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

আকাশছোঁয়া উত্থান থেকে অতল পতন

২০১১ সালে স্ত্রী দিব্যা গোকুলনাথের সঙ্গে মিলে ‘থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড’ (যা বাইজুস নামে পরিচিত) প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রন।

  • স্বর্ণযুগ: বিশেষ করে করোনাকালে ঘরে ঘরে অনলাইন শিক্ষা পৌঁছে দিয়ে রাতারাতি কোটিপতি বনে যান রবীন্দ্রন। একসময় ভারতীয় ক্রিকেট দলের জার্সির প্রধান স্পন্সর ছিল বাইজুস। ২০২২ সালে এর বাজারমূল্য পৌঁছায় রেকর্ড ২২ বিলিয়ন ডলারে।

  • ঋণের বোঝা ও পতন: তবে এই দ্রুত উত্থানের পরেই শুরু হয় পতন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে সংস্থার বিরাট আর্থিক ক্ষতির খতিয়ান সামনে আসতে থাকে। দেরিতে অডিট এবং বিপুল অংকের ঋণখেলাপির অভিযোগ ওঠে রবীন্দ্রনের বিরুদ্ধে। জানা গেছে, তাঁর কাঁধে প্রায় ১.২ বিলিয়ন ডলারের বিপুল ঋণ রয়েছে। ২০২১ সালের অডিটেই ধরা পড়েছিল ৪৫৮৮ কোটি টাকার বিশাল ক্ষতি।

পরবর্তীকালে বিনিয়োগকারীদের টাকা লুকিয়ে রাখা এবং আর্থিক তছরুপের অভিযোগে ডেলাওয়ার ও নিউ ইয়র্কেও মামলা দায়ের হয় রবীন্দ্রনের বিরুদ্ধে। সিঙ্গাপুর আদালতের এই সাজা বাইজুসের ভাবমূর্তিকে আরও বড় ধাক্কা দিল বলে মনে করছে আন্তর্জাতিক কর্পোরেট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *