আজকের দিনেবিশ্বভারতরাজনীতি

Belgian PM In Mumbai : নাম না করেই ট্রাম্পকে খোঁচা ! মুম্বইয়ে বসে বিস্ফোরক বেলজিয়ামের প্রধানমন্ত্রী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বাই:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি শুল্কনীতিকে ভারতে বসেই কটাক্ষ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। মুম্বইয়ে ভারত-ইইউ মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের ফাঁকে নাম না করে ট্রাম্পের সমালোচনা করেন তিনি।(Belgian PM In Mumbai)

শনিবার মুম্বইয়ে ভারত ও বেলজিয়ামের মধ্যে বাণিজ্যিক বৈঠক হয়। মূল আলোচ্য বিষয় ছিল ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্যচুক্তি (FTA)। সেই বৈঠকেই নামী সংবাদসংস্থা কে দেওয়া এক সাক্ষাৎকারে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, “কেউ কেউ শুল্ক আরোপের বিষয়টি খেয়ালখুশি মতো করে থাকেন। সোমবার একটি সিদ্ধান্ত নেন, বুধবার তা প্রত্যাহার করে নেন, আবার শনিবার সেই সিদ্ধান্তই পুনর্বহাল করেন। আমি তাঁর নাম বলব না। কিন্তু আপনারা জানেন আমি কার কথা বলছি।”

সরাসরি ট্রাম্পের নাম না নিলেও তাঁর নিশানা যে মার্কিন প্রেসিডেন্টের দিকেই, তা স্পষ্ট। বিভিন্ন দেশের ওপর হঠাৎ শুল্ক চাপানো এবং তারপর আবার তা তুলে নেওয়ার যে ‘স্বেচ্ছাচারী’ নীতি ট্রাম্প নিচ্ছেন, তারই সমালোচনা করেন ওয়েভার।

এই প্রসঙ্গ টেনেই তিনি ভারত-ইইউ মুক্ত বাণিজ্যচুক্তির গুরুত্ব বোঝান। তাঁর বক্তব্য, বিশ্ব বাণিজ্যে যখন একতরফা শুল্ক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা চলছে, তখন ভারত ও ইইউ-এর মতো দুটি বড় অর্থনীতির মধ্যে একটি স্থায়ী ও নিয়ম-ভিত্তিক চুক্তি থাকলে তা একটি ‘কাঠামোগত সুরক্ষা’ হিসেবে কাজ করবে। তিনি বলেন, “আমরা কী করতে পারি তা নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা একসঙ্গে কী করব, সে বিষয়ে একমত হতে এসেছি।”(Belgian PM In Mumbai)

একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। ওয়েভার বলেন, “অনেক রাষ্ট্রনেতাই আছেন, যাঁদের কথা শুনতে ভয় বা অস্বস্তি হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কথা বলেন, তখন মনে হয় তিনি যা বলছেন, সেটাই করা উচিত। তাঁর কথায় ভরসা করা যায়।”

কূটনৈতিক মহলের মতে, ট্রাম্পের শুল্কনীতির জেরে বিশ্ববাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মোকাবিলায় ভারতকে পাশে পেতে চাইছে ইউরোপ। আর বেলজিয়ামের এই মন্তব্য সেই কৌশলেরই ইঙ্গিত।(Belgian PM In Mumbai)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *