আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Baruipur : সূর্যপুর নাবালিকা-কাণ্ডে তদন্তে বড় রদবদল, আইসির বদলে দায়িত্বে ডিএসপি, বসছে সিসি ক্যামেরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি: -দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার সূর্যপুর-ধবধি এলাকায় ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে গতি আনতে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল পুলিশ। সংশ্লিষ্ট থানার আইসিকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে গোটা মামলার ভার দেওয়া হল বারুইপুরের ডিএসপির হাতে। পাশাপাশি ঘটনাস্থল সূর্যপুরের দুই কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বহুল আলোচিত এই ঘটনার তদন্তকে তিনটি আলাদা দিকে ভাগ করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আরও এক অভিযুক্ত নিহত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই সময় গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে গণপিটুনির মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত। এছাড়া ঘটনার দিন পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে প্রায় ২০০ জনকে চিহ্নিত করে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে কোনও খামতি না রাখতে এবং দ্রুত চার্জশিট পেশ করতেই আইসিকে সরিয়ে ডিএসপিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। একইসঙ্গে এলাকায় নজরদারি বাড়াতে সূর্যপুরের মূল রাস্তা থেকে অলিগলি মিলিয়ে দুই কিলোমিটার জুড়ে নতুন করে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

তদন্তের নেতৃত্বে রদবদল এবং গোটা এলাকা সিসি ক্যামেরার আওতায় আসায় স্থানীয়দের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *