আজকের দিনেগ্রীন রুমভারত

Arrest-Hemant Modi : পুলিশকে ফাঁকি দিয়ে অমিতাভ-আমিরের সঙ্গে অভিনয়, ১২ বছর পর গ্রেপ্তার খুনের আসামি হেমন্ত মোদি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। প্যারোলে বেরিয়ে ১২ বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ালেন। পরিচয় গোপন করে দাপটে অভিনয় করলেন অমিতাভ বচ্চন, আমির খান, রণবীর সিংয়ের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে গ্রেপ্তার ৫৩ বছর বয়সী অভিনেতা হেমন্ত মোদি।

সূত্রের খবর, ২০০৫ সালের একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পান হেমন্ত মোদি। মেহসানা জেলে বন্দি থাকাকালীন ২০১৪ সালে গুজরাট হাইকোর্ট তাঁকে তিরিশ দিনের প্যারোল মঞ্জুর করে। কিন্তু প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর আত্মসমর্পণ করেননি। ফলে সেই বছরের ২৫ জুলাই হেমন্ত মোদিকে ‘প্যারোল জাম্পার’ হিসেবে চিহ্নিত করা হয়।

জানা গিয়েছে, মোদির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা খুন, ৩২৪ ধারা অস্ত্র দিয়ে আঘাত, ১৪৭ ও ১৪৮ ধারা দাঙ্গা ও প্রাণঘাতী অস্ত্রসহ দাঙ্গা, ১৪৯ ধারা বেআইনি জমায়েত, ১২০(বি) ধারা অপরাধমূলক ষড়যন্ত্র এবং বম্বে পুলিশ আইনের ১৩৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

পলাতক অবস্থায় দশ বছর হেমন্ত মোদি বিনোদন জগতে অত্যন্ত সক্রিয় ছিলেন। অমিতাভ বচ্চন ও আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’ এবং রণবীর সিংয়ের সঙ্গে ‘জয়েশভাই জর্দার’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও ‘যুগপুরুষ’ এবং ‘গান্ধী বিরুদ্ধ গডসে’-এর মতো নাটকেও অভিনয় করেছেন। সিনেমা, ওয়েব সিরিজ ও টিভি ধারাবাহিকে কাজ করলেও অত্যন্ত সুকৌশলে আইনের চোখ এড়িয়ে যেতে সক্ষম হন।
আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার অব পুলিশ অজিত রাজিয়ান জানান, আহমেদাবাদের নারোদা এলাকার বাসিন্দা হেমন্ত সম্প্রতি ঘি কাঁটা মেট্রো স্টেশনের কাছে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। সেখান থেকেই আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।

তদন্তকারীরা জানিয়েছেন, হেমন্ত অভিনীত বলিউড সহ দক্ষিণের একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘লাহোর ১৯৪৭’, ‘মেট্রো… ইন দিনো’, দক্ষিণী ছবি ‘এল২: এমপুরান’। শুধু সিনেমাই নয়, তাঁর ঝুলিতে রয়েছে ধারাবাহিক ‘ওয়াগলে কি দুনিয়া‘ ও ‘মেরে সাই’। ১২ বছরের লুকোচুরি শেষে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই ‘পলাতক তারকা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *