IPL-Cricket : প্লে-অফ নিশ্চিত, এবার শীর্ষে ওঠার লড়াইয়ে RCB , প্রতিপক্ষ হায়দ্রাবাদ !
কিউ ইন্ডিয়া বাংলা:- আইপিএল ২০২৬-এর লিগ পর্ব প্রায় শেষের মুখে, কিন্তু সেরা দুইয়ে জায়গা করে নেওয়ার লড়াই এখনও জমজমাট। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৬৭ নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে প্লে-অফে ওঠা দুই দল। তবে তাদের লক্ষ্য আরও বড়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচ জিতলেই লিগ টেবিলের শীর্ষে শেষ করা নিশ্চিত করবে।
হায়দ্রাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বেঙ্গালুরুর মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ। পয়েন্ট টেবিলের লড়াইয়ে টিকে থাকতে ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারাতে মরিয়া প্যাট কামিন্সের দল। হায়দ্রাবাদের অন্যতম প্রধান ভরসা তাদের বিধ্বংসী ওপেনিং জুটি। অজি তারকা ট্রাভিস হেড ও তরুণ অভিষেক শর্মা দুজনেই দারুণ ছন্দে রয়েছেন। পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার ক্ষেত্রে এই জুটি এবার আইপিএলে সবচেয়ে ভয়ঙ্কর। দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত হায়দ্রাবাদের হয়ে সর্বাধিক রান তাঁর ব্যাট থেকেই এসেছে। স্পিন ও পেস— দুইয়ের বিরুদ্ধেই সমান সাবলীল ক্লাসেন মিডল অর্ডারে বড় ভরসা। পাশাপাশি টপ অর্ডারে ঈশান কিশানও বেশ কয়েকটি ম্যাচে ভালো ব্যাট করেছেন। বড় রানের মঞ্চ তৈরি করতে অভিষেক-হেডের সঙ্গে ঈশানের ব্যাটও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অন্যদিকে বল হাতেও দারুণ ছন্দে হায়দ্রাবাদের বোলিং বিভাগ। আনক্যাপড বোলার সাকিব হুসেন ও প্রফুল হিঙ্গে ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন এবং নিয়মিত উইকেট তুলছেন। এছাড়া পেসার ঈশান মালিঙ্গাও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিচ্ছেন। অধিনায়ক প্যাট কামিন্স নিজেও বল হাতে সফলতা পাচ্ছেন এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাই হায়দ্রাবাদের জয়ের রাস্তা অনেকটাই নির্ভর করছে ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও হেনরিক ক্লাসেনের ব্যাটের সঙ্গে সাকিব হুসেন, প্রফুল, ঈশান মালিঙ্গা ও কামিন্সের বোলিংয়ের উপর।
অপরদিকে, বেঙ্গালুরু বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে। আজ হায়দ্রাবাদকে হারালে তাদের পয়েন্ট হয়ে যাবে ২০ এবং প্রথম স্থান পাকা হয়ে যাবে। ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বড় ভরসা বিরাট কোহলি, ভেঙ্কটেশ আয়ার, ক্রুনাল পান্ডিয়া ও দেবদত্ত পাডিক্কল। এরা প্রত্যেকেই ব্যাট হাতে সফল হচ্ছেন। গত ম্যাচে ভেঙ্কটেশ আয়ার দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। অন্যদিকে ওপেনিংয়ে টানা সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন জ্যাকব বেথেল। প্লে অফের আগে ফিল সল্ট আরসিবি শিবিরে ফিরেছেন, তবে আজকের এই ম্যাচে খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। বোলিংয়ে আরসিবির অন্যতম প্রধান ভরসা ভুবনেশ্বর কুমার। এই মরসুমে এখনও পর্যন্ত আইপিএলে আরসিবির হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার তিনিই। এছাড়া সুয়াশ শর্মা, জশ হ্যাজলউড ও রোমারিও শেফার্ডের বোলিংও দলের বড় শক্তি।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচ বরাবরই বড় রানের। প্রচুর রান ওঠে এই মাঠে। দুই দলের ব্যাটিং লাইনআপই অত্যন্ত শক্তিশালী। ঘরের মাঠে হায়দ্রাবাদ যেমন জয়ের জন্য মরিয়া, তেমনই শীর্ষস্থান ধরে রাখতে বদ্ধপরিকর বেঙ্গালুরু। একদিকে হেড-অভিষেক-ক্লাসেনের ব্যাট, অন্যদিকে কোহলি-ভেঙ্কটেশ-পাডিক্কলের জবাব। সঙ্গে ভুবির বেগুনি টুপি বনাম সাকিব হুসেন-কামিন্সের পেস। এবার দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে।
