আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Relief Materials-TMC : গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের গোডাউনে সরকারি ত্রাণ মজুদের অভিযোগ, তল্লাশিতে উদ্ধার বিপুল সামগ্রী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি : – রায়দিঘি বিধানসভা এলাকার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ‘আমরা সবাই ক্লাব’ মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য উত্তম মান্নার একটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নন্দকুমারপুরে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২ জুন রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২ জুন রাতে এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে গোডাউনটি ঘিরে বিক্ষোভ ও তল্লাশি চালানো হয়। অভিযোগ, সেখানে সরকারি ত্রাণের ত্রিপল, সার, মাছের খাবার, বোরোজ ও কৃষিকাজে ব্যবহৃত সামগ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উপকরণ মজুদ করে রাখা হয়েছিল।

ঘটনার খবর পেয়ে রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এলাকাবাসীদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ নেওয়া, কার্ড ও আবাসন সংক্রান্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা এবং সরকারি ত্রাণ প্রকৃত উপভোক্তাদের হাতে না পৌঁছে গোপনে মজুদ করে রাখার অভিযোগ রয়েছে।

তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য উত্তম মান্নার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়। তবে মঙ্গলবার রাতের অন্ধকারে গোডাউন থেকে বিপুল সামগ্রী উদ্ধারের ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল পঞ্চায়েত স্তরের ত্রাণ বণ্টন ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *