আজকের দিনেভারত

নেহরুর রেকর্ড ভাঙলেন মোদি, মেলোনি সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক। একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সময়ের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। ছাপিয়ে গেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নজির। ২০১৪-র ২৬ মে থেকে টানা তিন দফায় জিতে দেশ চালাচ্ছেন তিনি।

দীর্ঘদিন ধরে একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল জওহরলাল নেহরুর দখলে। সেই অধ্যায়ে এবার নিজের নাম লেখালেন নরেন্দ্র মোদি। ২০১৪, ২০১৯ ও ২০২৪— টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে রয়েছেন তিনি।

এই ঐতিহাসিক সাফল্যের পর দেশ-বিদেশ থেকে আসছে শুভেচ্ছা বার্তা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান। মোদির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার প্রশংসা করেছেন মেলোনি।

শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারও। তাঁদের বক্তব্যে উঠে এসেছে আন্তর্জাতিক ক্ষেত্রে মোদির ভূমিকার কথা।

রেকর্ড গড়ার পর মোদি তাঁর এক্স হ্যান্ডেলে একটি সংস্কৃত শ্লোক শেয়ার করেন। লেখেন, “যে রাজা বিনয়ী মনোভাব নিয়ে চলেন তারই জয়জয়কার হয়”। পোস্টে তিনি জনসেবার প্রতি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং বিনয়ের গুরুত্ব তুলে ধরেন। জানান, যে শাসক অহংকার ত্যাগ করে মানুষের সেবা করেন, তিনিই জনগণের প্রকৃত আস্থা ও সম্মান অর্জন করেন।

নেহরুর পর মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার নির্বাচিত হয়ে এই নজির গড়লেন। দেশের রাজনৈতিক মহল থেকে আন্তর্জাতিক মঞ্চ— সর্বত্রই চর্চায় মোদির এই রেকর্ড। বিনয় আর জনসেবার বার্তা দিয়েই নতুন অধ্যায় শুরু করলেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *