আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

নওদায় হুমায়ুন কবীরকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, ‘শেষ দেখে ছাড়ব’, পালটা হুঁশিয়ারি,

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,মুর্শিদাবাদ:-  চলছে প্রথম দফার ভোট। ভোট চলাকালীন নওদায় তুলকালাম অবস্থা!২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্র হয়ে উঠল রণক্ষেত্র। আম জনতা পার্টির প্রার্থী তথা দাপুটে নেতা হুমায়ুন কবীর এবং তৃণমূল কর্মীদের মধ্যে প্রবল সংঘাত ও হাতাহাতির ঘটনায় এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে।

ভোট দেখতে বেরিয়ে তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর। তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান। মেজাজ হারিয়ে পালটা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান আমজনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো তথা প্রার্থী হুমায়ুন কবীর।

যা নিয়ে একেবারে তুমুল ধ্বস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়ে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হুমায়ুন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া হাতে পরিস্থিতি সামাল দেন তাঁরা।

বৃহস্পতিবার সকালে নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে যান হুমায়ুন। সেই সময় তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। ‘গো ব্যাক’ স্লোগান তোলেন স্থানীয়রা। শুধু তাই নয়, ‘চোর চোর’ স্লোগানও দেন তাঁরা। ‘বিজেপির দালাল’ বলেও বেশ কয়েকজন স্লোগান দিতে শুরু করে । সেই শুনে মেজাজ হারান উন্নয়ন পার্টি সুপ্রিমো। একেবারে তেড়ে যান বিক্ষোভকারী আমজনতার দিকে।

এরপর নওদায় বুথের সামনের রাস্তায় একটি চেয়ার নিয়ে বসে পড়েন তিনি। প্রার্থীর এই আকস্মিক ধরনার জেরে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। রাস্তায় বসে থেকেই তিনি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিশাল কনভয়। হুমায়ুন কবীরকে বুঝিয়ে রাস্তা থেকে তোলার চেষ্টা করেন উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক নওদার ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে থাকে। এই ঘটনা নিয়ে নওদায় উত্তেজনা তুঙ্গে। হুমায়ুন কবীরের দাবি, তৃণমূল হার নিশ্চিত জেনে সন্ত্রাস শুরু করেছে। অন্যদিকে, তৃণমূলের দাবি হুমায়ুন কবীর এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *