ছাড়তে হবে দিঘা, মন্দারমণি! পর্যটকদের কড়া নির্দেশ কমিশনের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: সামনেই নির্বাচন, আর তার আগেই পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়তে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের ।ভোটের সময় রাজ্যে ঘোরাফেরাতেও বিধিনিষেধ!প্রশাসনের তরফে ইতিমধ্যে জায়গায় জায়গায় মাইকিং করা শুরু হয়েছে।
আজ, মঙ্গলবার বিকেল ৫টা থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত দিঘা , মন্দারমণি , তাজপুর এবং শঙ্করপুর-সহ পূর্ব মেদিনীপুরের কোনও হোটেলেই জেলার বাইরের কোনও ব্যক্তি থাকতে পারবেন না। সোমবার রাতেই জেলা হোটেল মালিকদের এই মর্মে কড়া নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।
২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচন। ১৫২ টি আসনে হবে ভোটগ্রহণ। এর মধ্যে পড়ছে পূর্ব মেদিনীপুরের সবকটি আসন। এখানকার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর, শংকরপুর-সহ সবকটি জনপ্রিয় পর্যটন স্থল। সারাবছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এখন ভোটের মরশুমে এই পর্যটনে রাশ টানল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে আগামী ২৩ এপ্রিল, প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দিঘা, মন্দারমণি-সহ ট্যুরিস্ট স্পটগুলিতে ভিন জেলার বাসিন্দা কেউ হোটেলে থাকতে পারবেন না। থাকতে দেওয়া হবে না কোনও রাজনৈতিক দলের প্রচারককেও। নিয়ম লঙ্ঘন হলে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এই মর্মে সোমবার রাত থেকে দিঘা, দিঘা মোহনা এবং মন্দারমনি উপকূল থানার পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। সাফ বলা হয়েছে, বাইরের জেলার পর্যটকদের আজই দিঘা ছাড়তে হবে। পর্যটকদের বিকেল ৫টার মধ্যে এসব স্থান ছেড়ে ফিরে যেতে বলা হচ্ছে। কমিশন সূত্রে খবর, পর্যটকদের আড়ালে যদি জেলায় বহিরাগতরা ঢুকে অশান্তিতে উসকানি দেয়, সেই আশঙ্কায় পর্যটকদেরও ফিরে যেতে বলা হয়েছে।
এই প্রসঙ্গে জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, ‘ভোটের সময়ে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্যই এই পদক্ষেপ।’
এই ঘোষণার ফলে পর্যটন ব্যবসায় কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোনওরকম আপস করতে নারাজ কমিশন। আজ সকাল থেকেই দীঘা ও মন্দারমণির হোটেলগুলিতে পর্যটকদের ফিরে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারও যদি আজ বা ভোটের মধ্যে দিঘা, মন্দারমণি ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকলে আগে থেকে সাবধান হয়ে যান।
