পেমেন্ট ফেল হলেও আর টেনশন নেই, IRCTC অ্যাপে এল নতুন ফিচার
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: আপনি কি ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসি অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি ও স্বস্তির খবর। টিকিট বুকিংয়ের সময় পেমেন্ট কেটে নেওয়া অথচ টিকিট কনফার্ম না হওয়ার যে চিরচেনা সমস্যা, তার স্থায়ী সমাধানে এবার বড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় করতে তাদের iPAY প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে দুর্দান্ত একটি ফিচার।
কী এই ‘Resume/Retry Booking’ ফিচার?
টিকিট বুক করার সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে IRCTC থেকে কোনো কনফার্মেশন আসেনি। এতদিন এই টাকা রিফান্ড পেতে কয়েকদিন অপেক্ষা করতে হতো। কিন্তু নতুন ‘Resume/Retry Booking’ ফিচারের ফলে,লেনদেন ব্যর্থ হলে বা পেমেন্ট স্ট্যাটাস না পাওয়া গেলে ব্যবহারকারীরা সেই টাকা ব্যবহার করেই পুনরায় বুকিং করার চেষ্টা করতে পারবেন। ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হলে সেই অর্থ একই দিনের পরবর্তী বুকিংয়ের জন্য ব্যবহার করা যাবে (যদি উভয় ক্ষেত্রে টিকিটের দাম একই থাকে)। অর্থাৎ, আপনাকে আর রিফান্ডের জন্য দিন গুনতে হবে না, ওই টাকা সরাসরি পরবর্তী বুকিংয়ে ‘ফরওয়ার্ড’ হয়ে যাবে। বিশেষ করে তৎকাল বুকিং বা উৎসবের মরসুমে যখন সার্ভারে প্রচণ্ড চাপ থাকে, তখন এই ফিচারটি যাত্রীদের কাছে আশীর্বাদ হয়ে উঠবে।
iPAY-তে মিলবে সব সুবিধা
IRCTC iPay ব্যবহারের ফলে এখন আর থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। এই প্ল্যাটফর্মে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডিজিটাল ওয়ালেট এবং অটো-পে’র মতো সব ধরনের আধুনিক পেমেন্ট সুবিধা পাওয়া যাবে।
টিকিট বুকিংয়ে আধার নিয়ে নতুন নিয়ম
উল্লেখ্য যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রেলের নিয়মে একটি বড় পরিবর্তন এসেছে। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড-এর প্রথম দিনে জেনারেল রিজার্ভেশন টিকিট বুক করার জন্য এখন আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এর অর্থ হলো, শুধুমাত্র সেইসব ব্যবহারকারীই ওই দিন টিকিট বুক করতে পারবেন যাদের IRCTC অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক এবং যাচাই করা আছে। আপনি যদি এখনও এই প্রক্রিয়া সম্পন্ন না করে থাকেন, তবে দ্রুত IRCTC ওয়েবসাইট বা অ্যাপের ‘My Profile’ বিভাগে গিয়ে আপনার অ্যাকাউন্টটি যাচাই করে নিন।
