Adhir Chowdhury : অধীর চৌধুরীর ভোট প্রচারে ফের উত্তেজনা, গো ব্যাক স্লোগান কংগ্রেস প্রার্থীর উদ্দেশ্যে !
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল শনিবারের পর আজকে রবিবার ফের বহরমপুরে অধীর চৌধুরীর নির্বাচনী প্রচার মিছিলে উত্তেজনা। তিনটি এলাকায় গো ব্যাক স্লোগানের মুখে পড়েন কংগ্রেসের এই হেভিওয়েট নেতা । যদিও পরিস্থিতির অবনতি হওয়ার আগেই পুলিশ সামলে নেয় ।
আজ রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচারে বের হন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মোহন রায়পাড়া থেকে তার মিছিল শুরু হয়। স্থানীয় কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে এই মিছিল সম্পন্ন করেন অধীর চৌধুরী। কোনরকম অশান্তির সাথে না হয় সেজন্য প্রচারের শুরু থেকেই প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছিল। আজকে প্রচারে বেরিয়ে। বহরমপুর পৌরসভার ৩ জায়গায় গো ব্যাক স্লোগানের মুখে পড়েন কংগ্রেস প্রার্থী অধীর। প্রথমবার তিন নম্বর ওয়ার্ডের দয়াময়ী কালী বাড়ি এলাকায় অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। শাসক বলছি তৃণমূলের পক্ষ থেকে এই স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপর জয়নগর মোড় ও কান্নানগর রোড এলাকায় একইভাবে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন তিনি। নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সেনা জওয়ানরা পরিস্থিতি সামলে নেন।
গতকাল, শনিবারও অধীরের মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছিল বহরমপুরে। ১৯ নম্বর ওয়ার্ডে ভোটপ্রচার করছিলেন কংগ্রেস প্রার্থী। অভিযোগ, প্রচারে বাধা দেওয়া হয়। তা নিয়ে কংগ্রেস কর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে তৃণমূল কর্মীদের। দু’পক্ষের বচসা থেকে হাতাহাতির চেহারা নেয় নিমেষে। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
কংগ্রেস কর্মীদের দাবি, অধীর চৌধুরী ভোটপ্রচার করতে যাবেন, সেকথা জেনে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একদল যুবক ওই এলাকায় জড়ো হয়েছিলেন। কংগ্রেস কর্মীরা এলাকায় পৌঁছনো মাত্রই অধীরকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। পালটা আবার কংগ্রেস কর্মীরাও স্লোগান দিতে থাকেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্তি বেঁধে যায়। হাতাহাতি শুরু হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কোনওক্রমে অধীর চৌধুরীকে সরিয়ে নিয়ে যায়।
