Hooghly-BJP : রবিবাসরীয় সকালে বাজারের থলি হাতে জনসংযোগে চুঁচুড়ার বিজেপি প্রার্থী ……
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি : – রাজ্যে বিধানসভা নির্বাচনের উত্তাপ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে ডান বাম সব পক্ষই । কেউই বিপক্ষকে নির্বাচনে ময়দানে জমি ছাড়তে নারাজ । রবিবাসরীয় সকালে চুঁচুড়ার মল্লিক কাশেম হাট বাজারে দেখা গেল এক ভিন্ন ধরনের রাজনৈতিক প্রচার । হাতে বাজারের থলি নিয়ে জনসংযোগ সারলেন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ ।
নির্বাচনী প্রচারে বেরিয়ে বাজার ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এছাড়া বাজারে বিভিন্ন দোকান থেকে শাকসবজি থেকে শুরু করে চিংড়ি, পাবদা, কাতলা সহ বিভিন্ন মাছের দোকানেও দেখা যায় গেরুয়া শিবিরের প্রার্থীকে । আজ প্রচারে বেরিয়ে তিনি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এমনকি নিজে সবজি ও মাছের বাজার থেকে বাড়ির জন্য বাজার করে নিয়ে যান । প্রচারে বেরিয়ে এই প্রসঙ্গে সুবীর নাগ বলেন ” আমি ৪০ বছর ধরে এই বাজারে এসে নিজের বাড়ির জন্য বাজার করি । আজ রবিবার তাই বাজার করতে এসেই কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ প্রচার করলাম ” । পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এর নেতা-নেত্রীদের পক্ষ থেকে একাধিকবার মাছ-মাংস খাওয়া নিয়ে বিজেপির উদ্দেশ্যে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছিল। মানুষকে শাসক দল ভয় দেখিয়েছে বিজেপি ক্ষমতায় আসলে বাংলার মানুষের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে । এই প্রসঙ্গে সুবীর নাগ বলেন“আমি নিজেও মাছ-মাংস খাই। অনেকেই বলেন বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাঙালি মানেই মাছে-ভাতে বাঙালি। বিজেপি ক্ষমতায় এলে বাঙালিরা আরও বেশি করে মাছ-ভাত খাবে।”
তিনি আরও বলেন, “যারা এই ধরনের কথা বলে বিজেপিকে কটাক্ষ করেন, তাদের মনে রাখা উচিত আমরা সকলেই বাঙালি। আর বাঙালির প্রিয় খাবারের তালিকায় মাছ অন্যতম।”
চুঁচুড়া বিধানসভায় বিজেপির প্রার্থী সুবীর নাগের লড়াই তৃণমূলের অন্যতম হেভিওয়েট দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। এখন দেখার অপেক্ষায় এটাই নির্বাচনে বিজেপির সুবীর শাসক প্রার্থী দেবাংশুকে পরাজিত করতে পারেন কিনা ?
