কালিয়াচককাণ্ডে অ্যাকশনে এনআইএ: কলকাতায় দুঁদে অফিসার সোনিয়া সিং
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: মালদহের কালিয়াচকে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিচারবিভাগীয় অফিসারদের রাতভর আটকে রাখার ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ-এর হাতে। শুক্রবার সকালেই পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছে গিয়েছেন এনআইএ-র আইজি সোনিয়া সিং।
২০২৪ সালের শেষে এনআইএ-তে যোগ দেওয়া নাগাল্যান্ড ক্যাডারের এই দক্ষ আইপিএস অফিসার উত্তর-পূর্ব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সমস্যা মোকাবিলায় বিশেষ পারদর্শী। কঠোর ও নিয়মমাফিক অফিসার হিসেবে পরিচিত সোনিয়া সিং ইতিম্যধ্যেই রাজারহাটে এনআইএ-র আঞ্চলিক দফতরে পৌঁছে মামলার তদারকি শুরু করেছেন। তাঁর নেতৃত্বেই রাজ্য পুলিশের সিআইডি ও এসটিএফ-এর সঙ্গে সমন্বয় রেখে তদন্তের পরবর্তী রূপরেখা তৈরি হচ্ছে।
বুধবার কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর-এর কাজে নিযুক্ত সাতজন বিচারককে উত্তেজিত জনতা রাতভর আটকে রাখলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিষয়টি সুপ্রিম কোর্টকে জানানোর পর প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, সিবিআই বা এনআইএ-র মতো স্বাধীন সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে। কাজে নিযুক্ত বিচারক ও তাঁদের পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।
এনআইএ সূত্রের খবর, মালদহ ও সংলগ্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে এই জনবিক্ষোভের নেপথ্যে কোনও সংগঠিত অপরাধচক্র বা বড়সড় দেশবিরোধী ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বিচারকদের ওপর এই হামলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার বিকেলেই সিইও এবং রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পর তদন্তভার এনআইএ-কে হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিশন। আইজি সোনিয়া সিংয়ের কলকাতায় পদার্পণ স্পষ্ট করে দিল যে, কালিয়াচককাণ্ডের শিকড় কতদূর বিস্তৃত তা উপড়ে ফেলতে এবার কোমর বেঁধে নামছে এনআইএ।
