মা’কে খুন গুণধর ছেলের
কিউ ইন্ডিয়া বাংলা,বাগুইআটি: পারিবারিক অশান্তি ও সন্দেহের জেরে চরম পরিণতি। বাগুইআটির জগৎপুর কাঠপোল এলাকায় মায়ের একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া মেনে নিতে না পেরে তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল নিজেরই ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই মায়াপুর থেকে অভিযুক্ত যুবক রুদ্রদীপকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগৎপুর কাঠপোলের কাছে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রঞ্জিত চক্রবর্তী ও তাঁর স্ত্রী রুমা চক্রবর্তী। মঙ্গলবার রুমাদেবীর প্রথম পক্ষের ছেলে রুদ্রদীপ সেই ফ্ল্যাটে আসেন। অভিযোগ, মায়ের জীবনযাপন এবং একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে মা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছালে রুদ্রদীপ নিজের মায়ের গলায় ওড়নার ফাঁস দিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। খুনের পর ঘর থেকে বেশ কয়েক ভরি সোনার অলঙ্কার নিয়ে দরজায় তালা দিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। রাত ৯টা নাগাদ রুমাদেবীর স্বামী রঞ্জিত চক্রবর্তী বাড়ি ফিরে দেখেন সদর দরজায় তালা ঝুলছে। স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে এবং আত্মীয়দের বাড়িতেও তাঁর হদিশ না মেলায় সন্দেহ দানা বাঁধে। অবশেষে বাড়ির মালিকের কাছ থেকে বিকল্প চাবি নিয়ে ঘরে ঢুকে তিনি দেখেন, খাটের ওপর ওড়না জড়ানো অবস্থায় স্ত্রীর নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এবং মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে অভিযুক্ত ছেলে মায়াপুরে গা ঢাকা দিয়েছে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক মাদকাসক্ত ছিল এবং দীর্ঘকাল ধরেই মায়ের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। পুলিশ ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
