Bishnupur : বিষ্ণুপুরে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ২০.৬৫ লক্ষ নগদ উদ্ধার, গ্রেফতার ৩ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- গোপন সূত্রের খবরের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বড়সড় সাফল্য পুলিশের। সোমবার গভীর রাতে বিষ্ণুপুর থানা ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার SOG-এর যৌথ অভিযানে উদ্ধার হল ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ২০ লক্ষ ৬৫ হাজার ৯০ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাবলু জাতি ওরফে গুড্ডু (৪২), আদর্শ জাতি ওরফে ছোটু (২৩) এবং কৌশিক জাতি ওরফে বিট্টু (৩)। তিনজনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাখরাহাট পোস্ট অফিসের অধীন চকসুকদেব গ্রামে।
অভিযানের সময় ধৃতদের কাছ থেকে নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই বিপুল পরিমাণ নগদ টাকা ও আগ্নেয়াস্ত্রের উৎস কোথা থেকে এবং কী কাজে ব্যবহারের জন্য আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ঘটনায় বিষ্ণুপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হবে। পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
অস্ত্র ও বিপুল নগদসহ ৩ জনকে গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই যৌথ অভিযানকে সাফল্য হিসেবেই দেখছে প্রশাসন। টাকার উৎস ও আগ্নেয়াস্ত্র পাচারের যোগসূত্র সামনে আনতেই এখন জোর তদন্ত চলছে।
