হুমায়ুন কবীরের সঙ্গে জোট চূড়ান্ত, ঘোষণা AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসির
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে AIMIM। আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোটে লড়বে আসাসুদ্দিন ওয়েইসির দল। চূড়ান্ত আসনরফা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। আগামী ২৫ শে মার্চ রাজ্যে আসতে চলেছেন AIMIM প্রধান। সেদিন হুমায়ূন কবিরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করতে পারেন তিনি বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত , আসাদউদ্দিনের দলের সঙ্গে জোট নিয়ে কথা হচ্ছে বলে আগে জানিয়েছিলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল ১৮২টি আসনে লড়বে। তাঁদের জোটসঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গে ভোটে লড়বে AIMIM, তারা আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সেই সময় জানিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। বর্তমানে সেই সমীকরণে কোনও রদবদল হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
AIMIM প্রধান আসাদউদ্দিন জানিয়েছেন, হুমায়ুনের দলের সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। হুমায়ুনে সঙ্গে কলকাতায় যৌথ সাংবাদিক করবেন তিনি। সেখানে জোটের শর্তাবলী নিয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে। ওয়েইসি জানান, দলকে, দলের কণ্ঠকে মজবুত করাই লক্ষ্য তাঁদের। দরিদ্র মানুষের হয়ে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে চান তাঁরা। বিগত ২০২১ বিধানসভায় ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে তিনি বিধায়ক হয়েছিলেন। বিগত ২০২৫ এর শেষের দিকে তৃণমূল থেকে বেরিয়ে আসার পর নিজের পৃথক দলের ঘোষণা করেন হুমায়ুন। সিপিএম, কংগ্রেস, ISF-কে জোটে আহ্বান জানান তিনি। কিন্তু কোনও পক্ষই সেভাবে সাড়া দেয়নি। এর পরই ওয়েইসির দলের সঙ্গে জোট গড়ার কথা জানান হুমায়ুন। সেই সময় তাঁর দাবি ছিল, ওয়েইসির দল ১৫টি আসনে লড়তে আগ্রহী। রেজিনগরে হুমায়ুনের সভামঞ্চেও দেখা যায় AIMIM প্রতিনিধিদের। এবার জোটে সিলমোহর দিয়ে দিলেন আসাদউদ্দিন- হুমায়ূন দুই পক্ষই ।
রাজ্যে AIMIM এর আগমন ঘিরে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে বিরোধী দলের ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা ভোটবাক্সে কেমন প্রভাব ফেলে এখন দেখার?
