জমি বিবাদে কাকার ওপর বন্দুক-তরোয়াল নিয়ে হামলা
কিউ ইন্ডিয়া বাংলা, মুর্শিদাবাদ: উৎসবের মেজাজের মাঝেই রণক্ষেত্র মুর্শিদাবাদের কান্দি। জমি সংক্রান্ত বিবাদের জেরে কাকা ও তাঁর ছেলে-নাতিদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ইদের সকালে কান্দি থানার হাটপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ৫ জন বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাটপাড়া গ্রামের বাসিন্দা আজিম শেখের সঙ্গে দীর্ঘদিনের জমি বিবাদ ছিল শাহজাহান শেখের। শাহজাহানের কাকা তৌহিদ শেখ (৭০) এই বিবাদে তাঁর ভাইপোর পক্ষ নিয়ে কথা বলেন। অভিযোগ, ভাইপোর হয়ে সওয়াল করায় তৌহিদ শেখের ওপর ক্ষুব্ধ ছিল আজিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকালে তৌহিদ শেখের বাড়িতে সস্ত্রীক চড়াও হয় আজিম শেখ। বচসা চলাকালীন আজিম হঠাৎই একটি আগ্নেয়াস্ত্র বের করে তৌহিদের মাথায় ঠেকায়। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। গ্রামবাসীরা তৌহিদকে বাঁচাতে এগিয়ে এলে একবার বন্দুক কেড়ে নেওয়া হয়।
তবে পরিস্থিতি এখানেই শান্ত হয়নি। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই আজিম তাঁর ছেলে ও আরও তিনজনকে সঙ্গে নিয়ে ফের সশস্ত্র হামলা চালায়। এবার শুধু বন্দুক নয়, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তৌহিদ শেখের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা।
এই নৃশংস হামলায় গুরুতর আহত হয়েছেন মোট ৫ জন। তৌহিদ শেখ (৭০), আমিরুল শেখ (৫০) ও রবিউল শেখ (৩৫) (তৌহিদের দুই ছেলে), আসিফ (১৮) ও বানারুল (২৫) (তৌহিদের দুই নাতি)
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হামলার পর থেকেই গ্রাম জুড়ে চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশি টহল।
