সরানো হলো কলকাতার সিপিসহ ডিজি-আইজিদের
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই নজিরবিহীন প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। রবিবার ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরানো হয়েছিল মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। আর সোমবার সকালে পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে কার্যত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল কমিশন। কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি ও আইজি— সব গুরুত্বপূর্ণ পদেই বসানো হলো নতুন মুখ।
কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দুপুর ৩টের মধ্যেই নতুন অফিসারদের দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের বদলে অজয় নন্দা।
রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের বদলে সিদ্ধিনাথ গুপ্তা (আপাতত)
এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলের পরিবর্তে অজয় মুকুন্দ রানাডে
ডিজি (কারা) পদে আনা হল নটরাজন রমেশবাবুকে।
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাঁদের পদ থেকে সরানো হয়েছে তাঁরা নির্বাচনের কোনো প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত থাকতে পারবেন না। উল্লেখ্য, গত ৯ ও ১০ তারিখ রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। হিংসামুক্ত ভোট করাতে পুলিশকে যে আপসহীন ভূমিকা নিতে হবে, এই রদবদল তারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভোট ঘোষণার পরপরই এমন ‘অতিসক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকশিবির। তাদের অভিযোগ: এই গণ-বদলির নেপথ্যে কেন্দ্রীয় সরকারের সরাসরি ইন্ধন রয়েছে। আইএএস এবং আইপিএস স্তরে এই রাতারাতি রদবদল নজিরবিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির পরামর্শেই কমিশন এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে তাদের দাবি। অন্যদিকে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। সব মিলিয়ে ভোট শুরুর আগেই প্রশাসনিক এই রদবদল রাজ্যের রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
