অসুস্থতার জেরে কলকাতায় সুনিধি চৌহানের কনসার্ট স্থগিত
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: মঞ্চে তিনি ওঠা মানেই এনার্জির বিস্ফোরণ। কিন্তু লখনউয়ের সাম্প্রতিক এক কনসার্টে প্রিয় গায়িকাকে কাঁদতে দেখে মুষড়ে পড়েছিলেন অনুরাগীরা। এবার সেই শারীরিক অসুস্থতার জেরেই পিছিয়ে গেল সুনিধি চৌহানের বহুল প্রতীক্ষিত কলকাতার কনসার্ট। আগামী ১৪ মার্চ তিলোত্তমায় সুরের জাদু ছড়ানোর কথা থাকলেও, আপাতত চিকিৎসকের পরামর্শে সেই অনুষ্ঠান স্থগিত রাখতে বাধ্য হলেন শিল্পী।
লখনউয়ে কী ঘটেছিল? সম্প্রতি লখনউয়ের একটি কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎই কান্নায় ভেঙে পড়েন সুনিধি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গান গাইতে গিয়ে প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি। চোখের জল মুছতে মুছতে মঞ্চেই তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বলেন। ”হে ঈশ্বর, আগে আমার সঙ্গে এমন কখনও ঘটেনি। খুবই অস্বস্তিকর। আমি দুঃখিত। আমি যখনই গান গাই তখনই নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্য আমি চেষ্টা করেও আজ গাইতে পারছি না।” মূলত গলার মারাত্মক সংক্রমণের কারণেই সেদিন গান গাইতে পারছিলেন না তিনি। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি না হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পী।
কেন পিছিয়ে গেল কলকাতার কনসার্ট? সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে সুনিধি জানিয়েছেন যে, লখনউয়ের ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গলার সংক্রমণের জন্য চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। নিজের ‘আই অ্যাম হোম’ ট্যুরের অংশ হিসেবে কলকাতায় আসার কথা থাকলেও, এই মুহূর্তে গান গাওয়ার মতো অবস্থায় নেই তিনি। তাই শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে।
কলকাতা তথা বাংলার অনুরাগীদের আশাহত করতে চান না সুনিধি। তাই অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল না করে নতুন তারিখ ঘোষণা করেছেন তিনি।
নতুন তারিখ: ২৫ মার্চ, ২০২৬।
ভেন্যু: অ্যাকোয়াটিকা গ্রাউন্ড (একই থাকছে)।
গায়িকা আশ্বস্ত করেছেন যে, যাঁরা ১৪ মার্চের অনুষ্ঠানের জন্য টিকিট কেটেছিলেন, সেই একই টিকিটেই ২৫ তারিখের কনসার্টে প্রবেশ করা যাবে। নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। আচমকা অনুষ্ঠান পিছিয়ে যাওয়ায় দর্শকরা কিছুটা হতাশ হলেও, শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অগুনতি ভক্ত। এখন দেখার, আগামী ২৫ মার্চ সুস্থ হয়ে উঠে আবারও মঞ্চে আগুন ঝরাতে পারেন কি না সুনিধি চৌহান
