আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

​বাংলায় কত দফায় ভোট? আইনশৃঙ্খলা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ- ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় দু’দিনের ম্যারাথন বৈঠক শেষ করল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় কত দফায় ভোট হবে তা নির্ভর করবে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। রাজনৈতিক দলগুলোর মতামত শোনার পর দিল্লি ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তবে ভোট ঘিরে বিন্দুমাত্র অশান্তি বা কারচুপি যে বরদাস্ত করা হবে না, তা সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

​নির্বাচনের কাজে নিযুক্ত সরকারি আধিকারিক ও পুলিশ প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, নির্বাচন চলাকালীন কোনো আধিকারিক যদি কোনো রাজনৈতিক দলের নির্দেশ পালন করেন বা ‘দলদাসে’র ভূমিকা নেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ​ভোটার বা ভোটকর্মীদের ভয় দেখালে বা প্রভাবিত করার চেষ্টা করলে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে।
​অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।

​নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন জ্ঞানেশ কুমার।  রাজ্যের সবকটি ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।  ইভিএমে এবার থেকে প্রার্থীদের স্পষ্ট ও রঙিন ছবি থাকবে, যাতে ভোটারদের চিনতে সুবিধা হয়। বুথের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না; নির্দিষ্ট জায়গায় ফোন রেখে তবেই ভোট দিতে হবে। “আমরা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে তবেই দফার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনোভাবেই কারচুপি বরদাস্ত করবে না কমিশন।”— জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার

​গত রবিবার রাজ্যে আসার পর ২৩ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছে কমিশনের ফুল বেঞ্চ। কথা হয়েছে রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও। সবদিক খতিয়ে দেখার পর আগামী সপ্তাহেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বা দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *