সিভিল সার্ভিসে প্রথম রাজস্থানের অনুজ
কিউ ইন্ডিয়া বাংলাঃ- কঠোর পরিশ্রম আর অদম্য জেদ থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়, তা আবারও প্রমাণ করলেন রাজস্থানের অনুজ অগ্নিহোত্রী। সম্প্রতি প্রকাশিত সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফলে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। দ্বিতীয় হয়েছেন রাজেশ্বরী সুভে এম এবং তৃতীয় স্থানে আছেন আকাংশ ধুল ৷ চতুর্থ স্থানে আছেন রাঘবস ঝনঝুনওয়ালা ৷ পঞ্চম স্থান অধিকার করেছেন ঈশান ভাটনগর ৷ ষষ্ঠ স্থানে আছেন জিনিয়া আরোরা ৷ সপ্তম হয়েছেন, এআর রাজা মহাদিন, অষ্টম স্থান অর্জন করেছেন পক্ষল সেক্রেটারি ৷ নবম স্থানে আস্থা জৈন ৷ দশম হয়েছেন উজ্জ্বল প্রিয়াঙ্ক ৷
অনুজ মোট ৯৫৮ নম্বর পেয়ে এই গৌরব অর্জন করেছেন। তাঁর এই সাফল্যের পেছনে ছিল দীর্ঘ কয়েক বছরের প্রস্তুতি এবং ধারাবাহিকতা।রাজস্থানের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা অনুজের এই পথচলা খুব একটা সহজ ছিল না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,”আমি জানতাম লড়াইটা কঠিন, কিন্তু আমি কখনও হাল ছাড়িনি। প্রতিদিন গড়ে ১০-১২ ঘণ্টা পড়াশোনা এবং নিয়মিত মক টেস্টই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমার এই সাফল্য পরিবারের ত্যাগ ও বন্ধুদের সমর্থনের ফল।”
অনুজের এই সাফল্যে রাজস্থান রাজ্য জুড়ে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে মরুরাজ্যের যুবসমাজের কাছে অনুজ এখন এক নতুন অনুপ্রেরণার নাম।
মেধা তালিকার ব্যবধান: প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে নম্বরের ব্যবধান প্রায় ১৩, যা অনুজের অসামান্য মেধার পরিচয় দেয়। অনুজের সাফল্যের পেছনে তাঁর ঐচ্ছিক বিষয়ের গভীর জ্ঞান বড় ভূমিকা পালন করেছে। লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ পর্বেও তিনি অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন।
ভবিষ্যতে একজন দক্ষ প্রশাসনিক আধিকারিক হিসেবে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান রাজস্থানের এই কৃতি সন্তান।
