আজকের দিনেতিলোত্তমাভারত

স্থায়ী ডিজিপি নিয়োগে তৎপরতা, নাম চাইল কেন্দ্র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের প্রক্রিয়া ফের গতি পেল। কেন্দ্রীয় সংস্থা ইউপিএসসি রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়ে ডিজিপি পদে নিয়োগের জন্য যোগ্য আইপিএস অফিসারদের নামের তালিকা চেয়েছে। জানানো হয়েছে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁরা ডিজি পদে উন্নীত হয়েছেন, তাঁদের নাম পাঠাতে হবে।

নবান্ন সূত্রে খবর, চিঠি পাওয়ার পরই প্রস্তুতি শুরু করেছে রাজ্য। আগামী শুক্রবারের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠানো হতে পারে। তালিকায় প্রথমেই রয়েছে অনুজ শর্মার নাম। বর্তমানে তিনি ডিজি ফায়ার পদে কর্মরত।
এছাড়াও রয়েছেন রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, ডিজি হোমগার্ড এন আর বাবু, ডিজি কারেকশনাল সার্ভিস সিদ্ধিনাথ গুপ্তা এবং ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং-সহ মোট ৮ জন আইপিএস অফিসারের নাম।

চলতি বছরের ৩১ জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার অবসর নেওয়ার পর ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। তবে সে সময় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইউপিএসসি-র কাছে নামের তালিকা না পাঠানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই কারণেই স্থায়ী নিয়োগে কেন্দ্রীয় ছাড়পত্র মেলেনি বলে অভিযোগ ওঠে।

প্রশাসনিক কাজ চালু রাখতে ভারপ্রাপ্ত নিয়োগই ভরসা ছিল এতদিন। দীর্ঘদিন ধরে ডিজিপি নিয়োগ ঘিরে যে জটিলতা চলছিল, তা কাটতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল। সূত্রের দাবি, সুপ্রিম কোর্ট-এর হস্তক্ষেপের পরই প্রক্রিয়ায় গতি এসেছে। এবার ইউপিএসসি প্যানেল চূড়ান্ত করলে স্থায়ী ডিজিপি নিয়োগের পথ খুলে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *