আজকের দিনেবাংলার আয়না

জুয়ায় জেতা টাকা চাইতেই ছুরিকাঘাত, ক্যানিংয়ে রক্তাক্ত যুবক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হেড়োভাঙা এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে ভয়াবহ হামলার অভিযোগ উঠল। বুধবার গভীর রাতে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙায় চার যুবক একসঙ্গে জুয়া খেলতে বসেন। অভিযোগ, খেলায় জিতে যান অভিজিৎ রাউত। এরপর অপরপক্ষের ভোলা ও নুরোর কাছে তিনি জেতা টাকা চাইলে বচসা শুরু হয়।
পরিবারের অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তরা অতর্কিতে ছুরি বার করে অভিজিতের পেটে আঘাত করে এবং লাঠি দিয়ে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ক্যানিং সাব ডিভিশনাল হস্পিটালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন অভিজিৎ। তাঁর কথায়, “বচসা হচ্ছিল ঠিকই, কিন্তু ভাবিনি ছুরি নিয়ে এভাবে পেটে আঘাত করবে।”

এই ঘটনার পর ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *