দিল্লিতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীকে লক্ষ্য করে গুলি….
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজধানীতে দুঃসাহসিক হামলা। গ্যাংস্টার লাওরেন্স বিশনইয়ের আইনজীবীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কাশ্মীরি গেট এলাকার কাছে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হামলার সময় গাড়িতে মোট ৫ জন ছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন লরেন্সের আইনজীবী দীপক ও সন্দীপ। ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ আইএসবিটি কাশ্মিরী গেটের কাছে হনুমান মন্দিরে দর্শনে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গাড়িকে লক্ষ্য করে অন্তত ৪ রাউন্ড গুলি চালায়। গুলিতে গাড়ির পিছনের কাঁচ গুঁড়িয়ে যায়। পিছনের আসনে বসে থাকা সন্দীপের কাঁধে দুটি গুলি লাগে। পরে চালক গাড়ি নিয়ে সিভিল লাইনস এলাকার একটি হোটেলের সামনে থামিয়ে পুলিশে খবর দেন। আহত সন্দীপকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে হামলাকারীদের খোঁজে তল্লাশি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এবং কেন এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে হামলার পর একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে গাড়ির পিছনের কাঁচ সম্পূর্ণ ভাঙা এবং রাস্তায় আহত অবস্থায় বসে রয়েছেন এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে রাজধানীতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
