আজকের দিনেবাংলার আয়না

সোনাঝুরি জঙ্গলে দোলে রং খেলা নয়, কড়া নিষেধাজ্ঞা জারি বনদপ্তরের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে এবারও দোলের দিন বসন্ত উৎসব বা রং খেলা হবে না। আগের বছরের মতো এবারও কড়া নির্দেশিকা জারি করতে চলেছে বনদপ্তর। উপরমহল থেকে চিঠি এলেই সরকারি ভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

দোলের সময় সোনাঝুরির খোয়াই হাট ও আশপাশে প্রচুর মানুষের ভিড় হয়। অভিযোগ, এতে জঙ্গলের ক্ষতি হয়, গাছপালা নষ্ট হয় এবং প্লাস্টিক বর্জ্যে পরিবেশ দূষিত হয়। সেই কারণেই কড়াকড়ি বাড়ানো হচ্ছে।

বীরভূমের জেলাশাসক ধাভল জৈন জানিয়েছেন, জঙ্গলের ক্ষতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পরিবেশকর্মী সুভাষ দত্ত ইমেল করে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, দোলের দিন যেন অরণ্যভূমিতে কোনও উৎসব বা রং খেলা না হয়। তাঁর দাবি, সোনাঝুরির খোয়াই হাট নিয়ে মামলা বর্তমানে জাতীয় পরিবেশ আদালতে বিচারাধীন। এই অবস্থায় অরণ্যে অতিরিক্ত ভিড় ও উৎসব বন্ধ রাখা জরুরি।

বোলপুরের রেঞ্জ অফিসার জ্যোতিষ বর্মণও জানিয়েছেন, জঙ্গলের ভিতরে দোল খেলার অনুমতি দেওয়া হবে না। গত বছরও একই নিষেধাজ্ঞা ছিল।

উল্লেখযোগ্য, ২০১৯ সালে বিশ্বভারতী ইউনিভার্সিটির বসন্ত উৎসবে বিপুল ভিড় হয়েছিল। তার পর থেকেই নিরাপত্তা ও পরিবেশের কথা মাথায় রেখে দোলের দিন বসন্ত উৎসব বন্ধ রাখা হয়। ২০২৩ সালে ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ স্বীকৃতি পাওয়ার পর ঐতিহ্য রক্ষায় আরও সতর্কতা নেওয়া হচ্ছে। তবে এ বছর ৬ মার্চ ঘরোয়া পরিবেশে বসন্ত উৎসব পালনের সিদ্ধান্ত হয়েছে।
খোয়াই হাট কমিটির সম্পাদক তন্ময় মিত্র জানিয়েছেন, দোলের দিন তাঁদের পক্ষ থেকে কোনও অনুষ্ঠান রাখা হচ্ছে না। মানুষ যাতে জঙ্গলে না ঢোকেন, সে বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেছেন, বিশ্বভারতী দোলের অনুষ্ঠান বন্ধ রাখলেও বোলপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে বসন্ত উৎসবের আয়োজন রয়েছে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও বহু মানুষের রোজগার জড়িয়ে আছে। পর্যটকদের অন্য জায়গায় দোল উদযাপনের সুযোগ থাকবে।
সব মিলিয়ে, সোনাঝুরি জঙ্গলে এবারও দোলের দিন কোনও রং খেলা বা বসন্ত উৎসবের অনুমতি মিলছে না এ কথা প্রায় নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *