বাংলার ৫ রাজ্যসভা আসনে ১৬ মার্চ ভোট, প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে
কিউ ইন্ডিয়া বাংলা :- দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মধ্যেই বাংলার আগে অন্য নির্বাচনের সূচি প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। দেশজুড়ে রাজ্যসভার ৩৭টি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বাংলা থেকে রয়েছে ৫টি আসন।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০টি রাজ্যের ৩৭টি আসনে ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সেদিনই বিকেল ৫টা থেকে শুরু হবে গণনা।
বাংলা থেকে রাজ্যসভার পাঁচটি আসনে ভোট হচ্ছে কারণ কয়েকজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর মেয়াদ পূর্ণ হচ্ছে। অন্যদিকে, মৌসম নুর দলত্যাগের পর ৫ জানুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন, ফলে তাঁর আসনও শূন্য রয়েছে। পাশাপাশি বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের আসনও খালি হচ্ছে।
রাজ্যসভার নির্বাচনে সাধারণ মানুষ সরাসরি ভোট দেন না; ভোট দেন বিধায়করা। বাংলার বিধানসভায় বর্তমান আসনসংখ্যার হিসেব অনুযায়ী চারটি আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের অনুমান। একটি আসন বিজেপির দখলে যেতে পারে। সেই হিসেবে এ বার বাংলা থেকে রাজ্যসভায় বামেদের কোনও প্রতিনিধি থাকছে না বলেই মনে করা হচ্ছে।
তবে চূড়ান্ত চিত্র নির্ভর করছে দলগুলির প্রার্থী বাছাইয়ের উপর। তৃণমূল কাদের রাজ্যসভায় পাঠাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। একইসঙ্গে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়েও জোর চর্চা চলছে। বিধানসভা ভোটের আগে এই রাজ্যসভা নির্বাচন কার্যত রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চ হয়ে উঠতে চলেছে। এখন দেখার, বাংলার পাঁচ আসনে শেষ পর্যন্ত কারা সংসদের উচ্চকক্ষে জায়গা করে নেন।
