আজকের দিনেবাংলার আয়না

প্রকাশ্য দিবালোকে শ্যামনগরে ফ্ল্যাট ভেঙে চুরি, সিসিটিভিতে ধরা দুষ্কৃতী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- উত্তর ২৪ পরগনার শ্যামনগরে দিনের আলোতেই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। চৌরঙ্গী মোড় সংলগ্ন বিসি রায় রোডের একটি আবাসনের ফ্ল্যাট ভেঙে প্রায় ২০ লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুরো ঘটনাই আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

চতুর্থ তলার ওই ফ্ল্যাটটি সুব্রত নাথের। ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। তাঁর স্ত্রী সঙ্গীতা নাথ গিয়েছিলেন মেয়ের বাড়িতে। ফাঁকা ফ্ল্যাটের সুযোগ নিয়েই তালা ভেঙে ভিতরে ঢোকে চোরেরা। এরপর আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালায়।

বিকেলে অফিস থেকে ফিরে তালা ভাঙা দরজা ও লন্ডভন্ড ঘর দেখে হতবাক হয়ে যান সুব্রতবাবু। তড়িঘড়ি স্ত্রীকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরাও ছুটে আসেন। পরে নোয়াপাড়া থানা-য় অভিযোগ জানানো হয়।

পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিকভাবে অনুমান করছে, আগে থেকেই রেইকি করেই এই চুরি করা হয়েছে। বাড়ির সদস্যরা কখন বাইরে থাকেন তা জানত দুষ্কৃতীরা। যদিও সিসিটিভিতে তাঁদের গতিবিধি ধরা পড়েছে এবং সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। কয়েকজন চোর নাকি কোনও বড় চক্র জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ। জনবহুল এলাকায় দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আবাসনের বাসিন্দাদের মধ্যে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *