আজকের দিনেবাংলার আয়না

কন্টেনার ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মেয়েকে নিয়ে রাতে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা লুৎফর রহমান। আচমকাই পিছন থেকে ধেয়ে আসে একটি কন্টেনার ট্রাক। ভয়াবহ ধাক্কায় ছিটকে পড়েন বাবা-মেয়ে। ট্রাকের নিচে আটকে যায় বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় লুৎফর রহমানের। গুরুতর জখম তাঁর মেয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহরের গোশালা মোড় এলাকায়। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক।

জানা গিয়েছে, লুৎফর রহমান তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের নেতা এবং এলাকায় পরিচিত সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার রাতে টিউশন শেষে মেয়েকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা তুলনামূলক ফাঁকাই ছিল। ঠিক সেই সময়ই গোশালা মোড়ের কাছে পিছন থেকে দ্রুতগতির একটি কন্টেনার ট্রাক এসে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার জোরে বাবা-মেয়ে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। অভিযোগ, লুৎফর রহমানকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রাকটি। বাইকটি ট্রাকের নিচে আটকে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পরেও ট্রাকচালক গাড়ি না থামিয়ে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ক্ষতবিক্ষত অবস্থায় বাইকটি উদ্ধার হয়।
স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বাবা-মেয়েকে উদ্ধার করেন। তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা লুৎফর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম তাঁর কন্যা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয়দের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে পুলিশের সঙ্গে বচসা, পরে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। কয়েকটি গাড়ি রাস্তায় উলটে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক কন্টেনার ট্রাক ও তার চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

লুৎফর রহমানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি একজন দক্ষ সংগঠক ও এলাকার পরিচিত মুখ ছিলেন। তাঁর প্রয়াণে দল ও এলাকার অপূরণীয় ক্ষতি হল বলে মত তৃণমূল নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *