ভাতা বাড়ালেও অসন্তোষ, বিকাশ ভবন অভিযান পার্শ্বশিক্ষকদের
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্য বাজেটে পার্শ্বশিক্ষকদের মাসিক ভাতা এক হাজার টাকা বাড়ানোর ঘোষণা হলেও তাতে সন্তুষ্ট নন তাঁরা। পর্যাপ্ত বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সল্টলেকের বিকাশ ভবন অভিযান করেন পার্শ্বশিক্ষকরা। মিছিল সল্টলেকের পিএনবি মোড় এলাকায় পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
পার্শ্বশিক্ষকদের দাবি, শুধু ভাতা বাড়ালেই চলবে না, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সর্বশিক্ষা মিশনের ফাইল অবিলম্বে কার্যকর করতে হবে। সেই দাবিতেই এদিনের এই কর্মসূচি। বিকাশ ভবনের সামনে পৌঁছতেই পুলিশ গার্ডরেল বসিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পার্শ্বশিক্ষকরা গার্ডরেল টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ।
মিছিল চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে ‘ধিক্কার’ স্লোগান ওঠে। এক আন্দোলনকারী বলেন, “আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তবুও আমরা এক হাজার টাকা ফেরত দিতে এসেছি।”
তাঁদের বক্তব্য, এই সামান্য ভাতা বৃদ্ধি তাঁদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার কোনও সমাধান নয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করা হয়। সেখানে ঘোষণা করা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে প্যারাশিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক-সহায়িকা এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হবে। পাশাপাশি, এই সব কর্মীর মধ্যে কারও ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে অকাল মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয়দের এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এই খাতে ২০২৬-২৭ অর্থবর্ষে মোট ১১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট অনুযায়ী, প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ভাতা ১০ হাজার টাকা থেকে বেড়ে ১১ হাজার টাকা হচ্ছে। উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে ভাতা ১৪ হাজার টাকা থেকে বেড়ে ১৫ হাজার টাকা করা হচ্ছে। শিক্ষাবন্ধুদের ভাতা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হচ্ছে।
তবে পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশ্যাল এডুকেটর, এমএসকে ও এসএসকে কর্মীরা দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁদের অভিযোগ, তাঁরা জনমজুরের থেকেও কম পারিশ্রমিক পান এবং ২০১৮ সালের পর থেকে সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা কর্মীদের ভাতা আর বাড়েনি। এর আগেও শিক্ষা দফতর অভিযানসহ একাধিক আন্দোলনে শামিল হয়েছিলেন তাঁরা।
বাজেট ঘোষণার পর প্রথমে মনে করা হয়েছিল পার্শ্বশিক্ষকদের দাবির আংশিক সাড়া দিয়েছে রাজ্য সরকার। কিন্তু মঙ্গলবারের বিকাশ ভবন অভিযান স্পষ্ট করে দিল, ভাতা বৃদ্ধির এই ঘোষণায় মোটেই সন্তুষ্ট নন পার্শ্বশিক্ষকরা। তাঁদের দাবি, সম্মানজনক জীবনযাপনের জন্য আরও বেশি বেতন বৃদ্ধি এবং স্থায়ী সুরক্ষার ব্যবস্থা না হলে আন্দোলন চলতেই থাকবে।
