আজকের দিনেভারত

অসুস্থ শরদ পাওয়ার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এনসিপি প্রধান ও বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ার। জানা গিয়েছে, বারামতির নিজের বাড়ি থেকেই তাঁকে দ্রুত পুণের রুবি হল ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। তাঁরাই শরদ পাওয়ারকে হাসপাতালে নিয়ে যান বলে সূত্রের খবর।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কাশি-সর্দি ও শ্বাসকষ্টের মতো একাধিক উপসর্গ নিয়ে শরদ পাওয়ারকে ভর্তি করা হয়েছে। রুবি হল ক্লিনিকের প্রধান কার্ডিয়োলজিস্ট ও ম্যানেজিং ট্রাস্টি ড. পারভেজ গ্র্যান্ট এক সংবাদসংস্থাকে জানিয়েছেন,
“হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মেডিক্যাল টিম তাঁর শারীরিক পরীক্ষা শুরু করেছে। রিপোর্ট হাতে এলে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে।”

তবে এই মুহূর্তে শরদ পাওয়ারের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত কোনও তথ্য হাসপাতালের তরফে জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের রাজনীতিতে ছ’দশকেরও বেশি সময় ধরে সক্রিয় শরদ পাওয়ার এক সময় ওরাল ক্যানসারের সঙ্গেও লড়াই করেছেন। নব্বইয়ের দশকের শেষ দিকে ধরা পড়া সেই রোগের চিকিৎসার জন্য দেশে ও আমেরিকায় একাধিক বড় অস্ত্রোপচার হয় তাঁর। গুরুতর অসুস্থতার পরেও তিনি সক্রিয় রাজনীতিতে দীর্ঘদিন যুক্ত থেকেছেন।

এদিকে, কয়েক দিন আগেই বিমান দুর্ঘটনায় তাঁর ভাইপো অজিত পাওয়ারের মৃত্যুর খবরে পরিবারে শোকের আবহ তৈরি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই শরদ পাওয়ারের হঠাৎ অসুস্থ হয়ে পড়া ঘিরে উদ্বেগ বেড়েছে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে।

এর আগেও একাধিকবার শরদ পাওয়ারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, আবার চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরে এসেছেন তিনি। ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির নেতৃত্ব ও কর্মীদের আশা, এবারও দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই প্রবীণ নেতা। আপাতত সকলের নজর হাসপাতালের পরবর্তী মেডিক্যাল আপডেটের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *