আজকের দিনেবাংলার আয়না

প্রশিক্ষণ চলাকালীন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রশিক্ষণ চলাকালীন মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটেলিয়ানের ট্রেনিং ক্যাম্পে চরম উত্তেজনা ছড়িয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন ট্রেনিং নিতে আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রশিক্ষণ কার্যত বন্ধ হয়ে যায়।
জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। ছয় দিনের প্রশিক্ষণের জন্য তিনি ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটেলিয়ানের ট্রেনিং ক্যাম্পে এসেছিলেন।

রবিবার রাতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় পঙ্কজ বর্মনের। সহকর্মীরা বুঝতে পারেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অভিযোগ, সেই সময় ক্যাম্পে দায়িত্বে থাকা সেন্ট্রিকে বিষয়টি জানানো হয় এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, সময়মতো কোনও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সেই রাতেই মৃত্যু হয় পঙ্কজ বর্মনের।

এই ঘটনার পরই ক্যাম্পে থাকা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, পঙ্কজ বর্মনের অসুস্থতার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও জরুরি চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা পেলে তাঁর প্রাণ বাঁচানো যেত বলেই দাবি বিক্ষোভকারীদের।

সোমবার সকালেও ট্রেনিং ক্যাম্পের ভিতরে বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পে পুলিশ ও কর্তৃপক্ষকে তৎপর হতে দেখা যায়। বিক্ষোভকারীরা এই মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

ট্রেনিং ক্যাম্পের মধ্যে এভাবে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যাম্পে কি আদৌ জরুরি চিকিৎসার কোনও ব্যবস্থা ছিল? নাকি থাকা সত্ত্বেও তা যথাসময়ে ব্যবহার করা হয়নি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ।

এই ঘটনার জেরে ফুলবাড়ির ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ আপাতত ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *