৮ ফেব্রুয়ারি বিদ্যাসাগর সেতু বন্ধ
কিউ ইন্ডিয়া বাংলা :- আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুলিশ জানিয়েছে, সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিংসহ বড় মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের ৫ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ১২ ঘণ্টার জন্য সেতু পার হওয়া যাবে না। তাই যানবাহন চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহার করতে হবে। দীর্ঘদিন ধরেই হাওড়া-কলকাতার ব্যস্ততম সেতু বিদ্যাসাগর সেতুতে মেরামতের কাজ চলছে। সপ্তাহের বাকি দিনে কিছু লেন চালু থাকলেও সপ্তাহান্তে রবিবার পুরো সেতু বন্ধ রাখা হয়, যাতে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে মেরামত দ্রুত ও নিরাপদে সম্পন্ন করা যায়।
কলকাতা পুলিশ জানিয়েছে, বিভিন্ন দিক থেকে আসা গাড়িগুলোকে নির্দিষ্ট বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে। এজেসি বোস রোড থেকে জেরুট আইল্যান্ড দিক: গাড়ি টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং পর্যন্ত যাবে। এরপর সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজ পার হতে হবে। বিকল্পভাবে হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড নেওয়া যাবে। জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে:
গাড়ি কেপি রোড ধরে ১১ ফার্লং গেট পর্যন্ত যাবে। এরপর হেস্টিংস ক্রসিং সেন্ট জর্জেস গেট রোড স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
খিদিরপুর দিক থেকে: গাড়ি সিজিআর রোড ধরে আসবে। হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। ঘোড়াপাশের ওয়াই -পয়েন্ট র্যাম্প থেকে: কেপি রোড থেকে সেতুতে ওঠার সময় গাড়ি ওয়াই -পয়েন্ট থেকে ১১ ফার্লং গেট এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর কেপি রোড রেড রোড হাওড়া ব্রিজ পথে চলতে হবে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনে অন্যান্য আর্থেরিয়াল রোড ব্যবহার করে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে।
কলকাতা পুলিশ পরামর্শ দিয়েছে, রবিবার যাতায়াতের পরিকল্পনা করার আগে এই বিকল্প রুটগুলো মাথায় রাখুন, যাতে সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় এবং যানজট এড়ানো যায়।
