বিজেপির প্রাক্তন সভাপতির ভিডিও ভাইরাল
কিউ ইন্ডিয়া বাংলা :- ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, টেবিলের উপরে খাবার ও সিগারেটের প্যাকেট। সেই টেবিলের নিচেই ছড়ানো বোতলের মাঝখানে বিছানায় হাত দিয়ে মাথা ঠেকিয়ে ঘুমোচ্ছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়। টেবিলের সামনের একটি চেয়ারে বসে ঘুমোতে দেখা যাচ্ছে তাঁর এক সহযোগীকেও। এমনই একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা ।
ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় বিজেপি নেতারা ঘুমিয়ে পড়েন। ভোটের মুখে গেরুয়া শিবিরের এক প্রভাবশালী নেতার এমন কাণ্ড গঙ্গাপাড়ের শিল্পাঞ্চলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। তৃণমূলের দাবি, এই ভিডিও বিজেপির “দলীয় সংস্কৃতি”ই তুলে ধরছে।
এই ঘটনার প্রেক্ষিতে তীব্র কটাক্ষ শানিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁর কথায়, “বিজেপি দলটাই এরকম। যত ধরনের খারাপ ও নিম্নমানের কাজ আছে, তাতেই ওরা আসক্ত। মানুষের জন্য ভাবার সময় নেই। বিজেপির এক বর্ষীয়ান নেতাই তো অনেক আগেই বলেছিলেন, তাঁদের দল এখন মদ ও কামিনী-কাঞ্চনে আসক্ত।”
অন্যদিকে, ভাইরাল ভিডিও ঘিরে বিজেপির অন্দরে কোন্দলের ইঙ্গিতও সামনে এসেছে। দলের অন্দরমহলের একাংশের মতে, এটি ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের ঘটনা এবং এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত রয়েছে।
যদিও এই বিতর্কে প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে গোটা ঘটনাকে তৃণমূলের সাজানো চক্রান্ত বলে দাবি করেছেন বর্তমান ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন,
“গোটাটাই তৃণমূলের চক্রান্ত। নৈহাটির এক তৃণমূল কাউন্সিলর তাঁদের আইটি সেলকে দিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও বানিয়েছে।”
ভাইরাল ভিডিও, নেশার অভিযোগ, আবার তার বিপরীতে এআই দিয়ে ভিডিও তৈরির পাল্টা দাবি সব মিলিয়ে ভোটের আগে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় এই বিতর্ক রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
