আজকের দিনেবাংলার আয়না

মূক ও বধির ছেলেকে গায়ে গরম জল ঢেলে খুন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নৃশংস ও মর্মান্তিক হত্যাকাণ্ডকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। মূক ও বধির এক যুবককে মারধর করে, গায়ে গরম জল ঢেলে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম আশিক মণ্ডল। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

মৃত আশিক মণ্ডলের বাড়ি পানিহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নামাজপাড়া এলাকায়। তিনি মূক ও বধির ছিলেন। মৃতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এলাকার বাসিন্দা বাচ্চু বড়ুয়া ও তাঁর পরিবারের লোকেরা আশিকের উপর নির্মম অত্যাচার চালায়। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়, গায়ে গরম জল ঢালা হয়। এমনকি তাঁকে অ্যাসিড খাইয়ে দেওয়া হয় বলেও পরিবারের অভিযোগ।

এই ভয়াবহ অত্যাচার সহ্য করতে না পেরে শয্যাশায়ী হয়ে পড়েন আশিক। পরে তাঁকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আশিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় র‍্যাফ।

কেন এই মূক ও বধির যুবকের উপর এমন বর্বর অত্যাচার চালানো হল, তা স্পষ্ট করে বলতে পারছেন না কেউ। মৃতের ভাইঝির অভিযোগ, “কাকা যদি কোনও ভুল করে থাকেন, তাহলে আমাদের জানানো যেত। কিন্তু তা না করে বাচ্চু বড়ুয়া, তার ছেলে ও পরিবারের লোকেরা কাকাকে মারধর করেছে, অ্যাসিডও খাওয়ানো হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এই ঘটনার পর থেকেই মূল অভিযুক্তরা পলাতক। যদিও পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দাস এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যা দেন। তিনি বলেন, “অত্যন্ত নৃশংস ঘটনা। একজন বোবা মানুষকে এভাবে মারধর করে খুন করা হয়েছে। এরকম ঘটনার জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। আমরা পুলিশের উপর ভরসা রাখছি।”

এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *